বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে গেল না, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও সেই আসর ঘিরে বাংলাদেশ ক্রিকেটে তৈরি হওয়া হতাশা এখনো কাটেনি। কেন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়নি, সেটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুরের একটি স্কুলে এক অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমরা কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, এই বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে ইনশাআল্লাহ পদক্ষেপ নেওয়া হবে। আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ হয়েছে, কিন্তু আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে সেই বিশ্বকাপটি আমরা খেলতে যেতে পারিনি। কেন এটি হয়েছে, সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে। এই বিষয়গুলো নিয়েও আমি একটি তদন্ত কমিটি গঠন করব।
তিনি বলেন, কেন আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না, আমাদের কোথায় সমস্যা ছিল বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল, সেই বিষয়গুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে পরবর্তীতে এগুলো প্রতিবেদন আকারে ক্রিকেট বোর্ড এবং যারা এটার সঙ্গে জড়িত ছিলেন, তাদের কাছে থেকে আমি অবশ্যই চাইব।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গেও সম্প্রতি বৈঠক হয়েছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ক্রীড়া মন্ত্রীর অনুমোদন নিয়েকদিন আগে একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, যেটি খতিয়ে দেখবে বিসিবির গত নির্বাচনে অনিয়ম, কারসাজি ও সরকারি হস্তক্ষেপের নানা অভিযোগ। সেই তদন্ত কমিটির কাজ চলমান আছে এখন। সেই তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ জানিয়ে সোমবার (১৬ মার্চ) বিবৃতি দেয় বিসিবি।
এই তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি যে বিবৃতি দিয়েছে, সেখানে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতি প্রচ্ছন্ন সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে নির্বাচিত বোর্ডের বাইরের হস্তক্ষেপে সম্ভাব্য পরিণতি সম্পর্কে।
এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমার কাছে মনে হয় আমরা তদন্ত প্রতিবেদনটি দেখি, তারপরে আমি আইসিসির সাথে কথা বলে আমাদের পরবর্তী পদক্ষেপ আপনাদের জানাব। আইসিসির সঙ্গে কথা বলেই সকল সিদ্ধান্ত নেব।
প্রসঙ্গত, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি। তখনকার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তেই এই অবস্থান নেয় তারা।