১৭ মার্চ ২০২৬, ১৬:৩৯

মোস্তাফিজের চোট কতটা গুরুতর, যা জানা গেল

মোস্তাফিজুর রহমান   © সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। ম্যাচের ৪৯তম ওভারে নিজের শেষ ওভার করতে গিয়ে পঞ্চম বলে শাহিন শাহ আফ্রিদির জোরালো শটে বলটি তার হাঁটুতে আঘাত করে। এতে বড় ধরনের চোটের শঙ্কা তৈরি হলেও সর্বশেষ খবর অনুযায়ী গুরুতর কোনো ইনজুরিতে পড়েননি এই তারকা পেসার।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, আঘাত পাওয়ার পর প্রাথমিক পরীক্ষায় বড় কোনো সমস্যা ধরা পড়েনি এবং বর্তমানে তিনি তেমন কোনো অস্বস্তিতেও ভুগছেন না। ঈদের ছুটি কাটাতে ইতোমধ্যে নিজ জেলা সাতক্ষীরায় গেছেন মোস্তাফিজ।

ছুটি শেষে চলতি মাসেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার কথা রয়েছে তার, যেখানে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন তিনি। তবে টুর্নামেন্ট চলাকালেই নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেশে ফিরতে হতে পারে তাকে, যা নির্ভর করছে বিসিবির অনাপত্তিপত্রের ওপর।

উল্লেখ্য, শাহিনের জোরালো শটে আঘাত পেয়ে সেদিন মাঠে পড়ে যান মোস্তাফিজ, এমনকি তাকে নিতে স্ট্রেচারও আনা হয়েছিল। তবে সবাইকে অবাক করে আবার উঠে দাঁড়িয়ে নিজের স্পেলের শেষ বলটি করেন এবং সেই বলেই হারিস রউফকে আউট করে গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে নেন তিনি।