বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্টের নবম আসর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আসন্ন বৈশ্বিক এই মহারণের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে খেলবে টাইগ্রেসরা। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস রয়েছে। অন্যদিকে, ‘বি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড খেলবে।
আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া, ২০ জুন হ্যাম্পশায়ারে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে টাইগ্রেসরা।
এদিকে বিশ্বকাপের আগে প্রথমবারের মতো গড়াচ্ছে নারী বিপিএল। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজও রয়েছে। তবে বিশ্বমঞ্চে লড়াইয়ে নামার আগে স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা টাইগ্রেসদের। যেখানে স্বাগতিকদের পাশাপাশি নেদারল্যান্ডসও অংশ নেবে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিবির এক কর্মকর্তা জানান, 'বিশ্বকাপের আগে আরেকটা টুর্নামেন্ট খেলা হবে। স্কটল্যান্ডের সঙ্গে কথা বলেছি, সেই সঙ্গে নেদারল্যান্ডসও।'
উল্লেখ্য, আগামী ১২ থেকে ২৮ জুন পর্যন্ত গ্রুপ পর্বের লড়াই চলবে। এরপর ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভালে দুটি সেমিফাইনাল এবং ৫ জুলাই ঐতিহাসিক লর্ডসে শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি:
১৪ জুন – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস – এজবাস্টন (বিকেল সাড়ে ৩টা)
১৭ জুন – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া – হেডিংলি (বিকেল সাড়ে ৩টা)
২০ জুন – বাংলাদেশ বনাম পাকিস্তান – হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৫ জুন – বাংলাদেশ বনাম ভারত – ওল্ড ট্রাফোর্ড (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৮ জুন – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস (বিকেল সাড়ে ৩টা)