নারী বিপিএলের অধিনায়ক চূড়ান্ত, কোন ক্যাটাগরিতে কত টাকা
প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৪ মার্চ বসবে তিন দল নিয়ে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। ইতোমধ্যেই ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার কাজ শেষ করছেন নির্বাচকেরা।
বিসিবির সূত্র জানিয়েছে, প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় ক্রিকেটারদের মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হবে। যেখানে সর্বোচ্চ ক্যাটাগরি ‘আইকন’ হিসেবে জাতীয় দলের নিয়মিত তিন মুখকে রাখা হবে।
‘আইকন’ ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিক সর্বোচ্চ ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এই তালিকায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির পাশাপাশি সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি বিবেচনায় আছেন
দ্বিতীয় সর্বোচ্চ ৭ লাখ টাকার ‘এ’ ক্যাটাগরিতে ৬ জন ক্রিকেটার থাকবেন। এই ক্যাটাগরি থেকে প্রতিটি দল অন্তত দুইজন করে ক্রিকেটার নেবেন। ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন ক্রিকেটারের জন্য ৫ লাখ টাকা করে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৩ লাখ টাকার ‘সি’ ক্যাটাগরিতে প্রায় ২০ জন এবং দেড় লাখ টাকা ভিত্তিমূল্যের ‘ডি’ ক্যাটাগরিতে ‘সি’ ক্যাটাগরির অবিক্রীত ক্রিকেটাররা জায়গা পাবেন। তবে কোন ক্রিকেটার কোন শ্রেণিতে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। সূত্র বলছে, আগামী সপ্তাহের মধ্যেই এই তালিকা প্রকাশ করা হবে।
এদিকে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে বিদেশি ক্রিকেটার ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগ্রহের ভিত্তিতে তাদের ড্রাফটেও রাখা হতে পারে। বিদেশি ক্রিকেটারদের ৮ হাজার মার্কিন ডলারের ‘এ’ ক্যাটাগরি, ৬ হাজার মার্কিন ডলারের ‘বি’ ক্যাটাগরি এবং ৩ হাজার মার্কিন ডলারের ‘সি’ ক্যাটাগরিতে ড্রাফটে তোলা হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত ৪ জন বিদেশি খেলোয়াড় স্কোয়াডে রাখতে হবে এবং দুইজন খেলোয়াড় একাদশে খেলাতে হবে।
অন্যদিকে আগামী ৪ এপ্রিল শুরু হয়ে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এবারের ডব্লিউবিপিএলের ম্যাচগুলো। সম্ভাব্য ভেন্যুর তালিকায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম রয়েছে।