বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় ভারত
টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এই ফরম্যাটে টানা ১২ জয়ে আরেকবার বিশ্বমঞ্চে উল্লাসের স্বপ্ন বুনেছিল ম্যান ইন ব্লু’রা। তবে সেই স্বপ্ন রীতিমত ফীকে করে দেয় দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়াকে ৭৬ রানে উড়িয়ে রীতিমত মাটিতে নামিয়ে আনে প্রোটিয়ারা।
ঘরের মাঠের চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে হোঁচট খেয়ে চাপে পড়েছে ভারত। গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স দেখালেও সুপার এইটে এক পরাজয়েই বদলে গেছে সব সমীকরণ। এখন সেমিফাইনালে উঠতে স্বাগতিকদের শুধু জিতলেই হবে না, সেই সঙ্গে বড় ব্যবধানেও জিততে হবে।
এদিকে সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১০৭ রানের দাপুটে জয়ে সেমিতে ওঠার সমীকরণ আরও জটিল ভারতের। কেননা, ভারতের জন্য এখন নেট রানরেট বড় ফ্যাক্টর। বাকি ম্যাচগুলোতে বড় ব্যবধানে জিতেই রানরেট বাড়াতে হবে টিম ইন্ডিয়ার।
ভারতকে হারানোর পর গ্রুপ-১ এ (+) ৩ দশমিক ৮০০ নেট রানরেট নিয়ে প্রোটিয়াদের পয়েন্ট ২। অন্যদিকে মাইনাস (-) ৩ দশমিক ৮০০ নিয়ে টেবিলের তলানিতে ভারত। এ ছাড়া চলতি বছরের রেকর্ড সংগ্রহ (২৫৪/৬) গড়ার পর ১০৭ রানের বড় জয়ে নেট রানরেট (+) ৫ দশমিক ৩৫০ ওয়েস্ট ইন্ডিজের।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। একইদিনে আহমেদাবাদে গ্রুপ ১-এর আরেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। ভারতের সেমিফাইনালের ভাগ্য অনেকটাই নির্ভর করছে এই ম্যাচের ফলের ওপর। দক্ষিণ আফ্রিকা জিতলে ভারতের জন্য সমীকরণ কিছুটা সহজ হবে।
অন্যদিকে যদি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচেই জয় পায় ভারত, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৩ ম্যাচে ৪। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা যদি তিন ম্যাচই জিতে, তবে ভারত ও দক্ষিণ আফ্রিকাই সেমিফাইনালে উঠবে। কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে; তাহলে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ-তিন দলেরই পয়েন্ট হবে ৪; তখন নেট রানরেটে ভিত্তিতে সেমিফাইনাল নির্ধারণ হবে। আবার দক্ষিণ আফ্রিকা যদি বাকি দুই ম্যাচেই হেরে যায়, সেক্ষেত্রে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হবে।
ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। তবে এমনও হতে পারে, দক্ষিণ আফ্রিকা যদি বাকি দুই ম্যাচ জিতে নেয় আর ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারালেও জিম্বাবুয়ের কাছে হারে; তাহলে ভারত, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ-তিন দলেরই পয়েন্ট হবে ২ করে। তখন নেট রানরেটই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা যদি বাকি দুই ম্যাচেই হেরে যায়, তাহলে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের সেমিফাইনাল স্বপ্ন শেষ হয়ে যাবে।