২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৮

যে পরিকল্পনায় ভারত বধ দক্ষিণ আফ্রিকার

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ   © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে সুপার এইটে উঠে ভারত। স্বাভাবিকভাবেই সুপার এইটে ম্যান ইন ব্লু'দের মতো শক্তিশালী দলকে সহজেই হারানো মোটেই সহজ বিষয় ছিল না। কিন্তু ঠান্ডা মাথার ক্রিকেট আর নিখুঁত পরিকল্পনায় সেই কাজটিই করেছে দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে ‘আউট অব দ্য বক্স’ কৌশলে ভারতকে ৭৬ রানে উড়িয়ে দেয় প্রোটিয়ারা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়াদের নিখুঁত পরিকল্পনা মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

এদিন ৪ বল মোকাবিলায় শূন্য রানেই প্যাভিলিয়নের পথ ধরেন ঈশান কিষাণ। সেখান থেকেই ম্যান ইন ব্লু' শিবিরে চাপ বাড়তে থাকে। তবে এইডেন মারক্রামের অফ-স্পিনে ঈশান কিষাণের ফেরায় বেশ হতবাক সাবেক তারকা ফাফ ডু প্লেসি। তার ভাষ্যমতে, “ঈশান কিষাণ সাধারণত অফস্পিন ভালোই খেলেন… কিন্তু এখন হঠাৎ করে দেখা যাচ্ছে, অফস্পিনার আনলেই ভারতের উইকেট পড়ে যাচ্ছে প্রথম ওভারেই।”

বরুণ অ্যারনের কণ্ঠেও একই সুর ছিল। তার ভাষ্য, “প্রথম ওভারেই অফ-স্পিনার উইকেট পাচ্ছে, এটা প্রায় অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে।” 

এদিকে কেবল স্পিন নয়, স্লোয়ারেও বড় সাফল্য পায় দক্ষিণ আফ্রিকার বোলাররা। উইকেটের দেখা না পেলেও কার্যকরী বোলিংয়ে ভারতকে চাপে রেখেছিলেন লুঙ্গি এনগিডিও। ৪ ওভার মাত্র ১৫ রান খরচা করেন এই পেসার। যেখানে ৫৪ ভাগই স্লোয়ার ডেলিভারি করেছেন তিনি। 

এই পরিকল্পনার প্রশংসায় ডু প্লেসি বলেন, “শোনা যায়, কিছু কাজ করলে সেটা চালিয়ে যেতে হয়। গতি কমানোর পরিকল্পনা ছিল লুঙ্গির। সে সেটাতেই অটল ছিল, দারুণভাবে করেছে।”

অন্যদিকে ভারতকে নাস্তানাবুদ করার ম্যাচে বড় নায়ক মার্কো ইয়ানসেন। ৫ দশমিক ৭৩ ইকোনমিতে ৪ উইকেট নিজের ঝুলিতে পুড়েন এই পেসার। মাঝের ওভারে স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর সব সম্ভাবনাই ভেস্তে দেন তিনি। কেশভ মহারাজও ভারতীয় কফিনে শেষ পেরেক ঠুকে দেন। 

এ নিয়ে অ্যারন বলছিলেন, “কেশব মহারাজ হার্দিককে একদম জায়গা দেয়নি। সব বল তার হিটিং আর্কের বাইরে রেখেছে। বোলাররা তাকে এক ইঞ্চিও ছাড় দেয়নি।” 

তবে কেবল বোলিং পরিকল্পনাতেই নয়, ফিল্ডিং সেটআপেও ভারতকে চমকে দেয় প্রোটিয়ারা। অভিষেক শর্মার বিপক্ষে পয়েন্ট ও কভার অঞ্চলে অদ্ভুতভাবে ফিল্ড সেট-আপে তাকে ফাঁদে ফেলেছিল সফরকারীরা। 

এ নিয়ে ডু প্লেসি বলেন, “আমরা জানতাম তার শক্তির জায়গা কোথায়। তাই তাকে অন্য জায়গায় রান করতে বাধ্য করতে চেয়েছি। এতে বোঝা যায়, পরিকল্পনা ছিল- আউট অব দ্য বক্স পরিকল্পনা।”