০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮
লা লিগায় দারুণ জয় পেল বার্সেলোনা
লা লিগায় মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে চার পয়েন্টের লিড নিয়েছে বার্সেলোনা। শনিবারের এই জয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে কাতালান ক্লাবটি।
ম্যাচে প্রথমে এগিয়ে যায় বার্সেলোনা। ২৯ মিনিটে রবার্ট লেভানডোভস্কির গোলে লিড পায় দলটি। বাম দিক দিয়ে মার্কাস রাশফোর্ডের চমৎকার আক্রমণের পর লেভানডোভস্কির প্রথম শট ব্লক হলেও দ্রুত নিয়ন্ত্রণ নিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে কাছ থেকে বল জালে পাঠান তিনি।
প্রথমার্ধের শেষ সময়ে লামিন ইয়ামাল নিশ্চিত একটি গোলের সুযোগ নষ্ট করেন। কুন্দের শট তার পায়ে লেগে গোললাইনের কাছাকাছি এলেও অবিশ্বাস্যভাবে বল বাইরে মারেন তিনি। তবে দ্বিতীয়ার্ধে নিজের ভুলের জবাব দেন ইয়ামাল। ৬১ মিনিটে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে ট্রেডমার্ক বাঁকানো শটে দুর্দান্ত গোল করেন তিনি। ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া বাম পায়ের ওই শটে গোলরক্ষক লিও রোমানের কিছুই করার ছিল না।
ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। ৮৩ মিনিটে মাঝমাঠে দ্রুত চারটি পাসে মায়োর্কার রক্ষণ ভেঙে ফেলেন তারা। এরপর মার্ক বার্নাল বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ে নিজের ক্যারিয়ারের প্রথম গোলটি করেন। এই জয়ের ফলে বার্সেলোনা শীর্ষে চার পয়েন্টে এগিয়ে গেলেও দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পেলে ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নামিয়ে আনতে পারে।
সর্বশেষ সংবাদ