লিটন-সাইফের ঝোড়ো ব্যাটিংয়ে দুরন্তকে উড়িয়ে ধূমকেতুর দাপুটে শুরু
বিশ্বকাপের বিকল্প আসর অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে দারুণ সূচনা করেছে ধূমকেতু একাদশ। লিটন দাস ও সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে দুরন্ত একাদশকে সহজেই হারিয়েছে তারা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নেয় ধূমকেতু।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৪৩ রানে গুটিয়ে যায় দুরন্ত একাদশ। লক্ষ্য তাড়ায় নেমে ধূমকেতু ১৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে নেয়।
রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ধুমকেতু। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান মাত্র ২.৫ ওভারে যোগ করেন ৩৪ রান। ৮ বলে ১৭ রান করে তামিম ফিরলেও ইনিংস গড়ে তোলেন সাইফ। চারটি চার ও তিনটি ছক্কায় ৩০ বলে নিজের ফিফটি পূর্ণ করেন তিনি। সাইফ আউট হলে ইনিংসের দায়িত্ব নেন অধিনায়ক লিটন দাস। চরম আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লিটন। ৪৩ বলে ১০টি চারের সাহায্যে ৬৫ রান করেন তিনি।
দুরন্ত একাদশের হয়ে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন মেহেরব হোসেন। ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। রিপন মণ্ডল পান একটি উইকেট।
এর আগে ব্যাট হাতে দুরন্ত একাদশের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার মাহফিজুল ইসলামের ৩৬ বলে ৩৯ রানই ছিল দলের সর্বোচ্চ। অধিনায়ক আকবর আলি করেন ১০ বলে ১৮ রান।
ধূমকেতুর বোলিং আক্রমণে রিশাদ হোসেন ৪ ওভারে ২১ রানে নেন ৩ উইকেট। শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব শিকার করেন দুটি করে উইকেট।