০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৩

নিলামের আগেই পিএসএলে দল পেলেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান   © সংগৃহীত

পিএসএল নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পাকিস্তান সুপার লিগের দলটি আজ সামাজিক যোগাযোগমাধ্যমবার্তায় জানিয়েছে, এবারের আসরের জন্য বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে তারা।

ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'পাকিস্তান সুপার লিগ-এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স গর্বের সঙ্গে ঘোষণা করেছে যে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে সরাসরি সাইনিং হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।'

মোস্তাফিজুর রহমানের জন্য লাহোর কালান্দার্স পুরোনো আস্তানা। এর আগে ২০১৬ এবং ২০১৮ সালেও তিনি এই দলের হয়ে মাঠ মাতিয়েছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও তিনি দলটির জার্সি গায়ে জড়াবেন। চুক্তি অনুযায়ী তাকে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে লাহোর, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা।

মোস্তাফিজকে পুনরায় বরণ করে নিয়ে লাহোর কালান্দার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, 'আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান। তাকে ২০১৬ সালে ও ২০১৮ সালেও আমাদের দলে নেওয়া হয়েছিল। এখন সরাসরি চুক্তিতে আবার আমাদের দলে ফিরে এসেছে। একবার কালান্দার্স, সবসময় কালান্দার্স।'

আগামী ১১ ফেব্রুয়ারি পিএসএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে দলগুলো তাদের চূড়ান্ত স্কোয়াড গঠন করবে। তবে নিলামের আগেই রিটেনশন ও সরাসরি চুক্তির নিয়ম কাজে লাগিয়ে লাহোর কালান্দার্স তাদের শক্তি বাড়িয়েছে। মোস্তাফিজের পাশাপাশি দলটি তাদের বর্তমান অধিনায়ক শাহিন আফ্রিদি, প্রধান ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা এবং বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমকে রিটেনশন নিয়মে ধরে রেখেছে।