০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩২

বিসিবির টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে তাসকিনের বার্তা

তাসকিন আহমেদ  © সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এর ফলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। তবে, বিশ্বকাপ দলে থাকা ও জাতীয় দলের আশপাশের ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ দিতে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আয়োজন করছে বিসিবি।

তিন দলের এই টুর্নামেন্টে অংশ নেবে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের অধিনায়ক লিটন দাস, দুর্বার একাদশের নেতৃত্বে থাকবেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়ক যুব বিশ্বকাপজয়ী আকবর আলী। টুর্নামেন্টের ম্যাচ ও প্রাইজমানি মিলিয়ে ২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছে বিসিবি।

এদিকে গেল রবিবার এই টুর্নামেন্টের তিন দলের স্বোয়াডও ঘোষণা করেছে বিসিবি। যেখানে ধূমকেতু দলের হয়ে তাসকিন আহমেদের খেলার কথা ছিল। তবে সাইনাস রোগের কারণে এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। তাসকিনের বদলি হিসেবে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ টুর্নামেন্টে নতুন করে ধূমকেতু দলে ডাক পেয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাসকিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, "আসসালামু আলাইকুম, শারীরিক কিছু অসুস্থতার (সাইনাস ইনফেকশন) জন্য বিসিবি আয়োজিত আসন্ন "অদম্য বাংলাদেশ" এক্সাইটিং টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছি না। যারা অংশগ্রহণ করছে, সবার জন্য শুভকামনা। আল্লাহর রহমতে আর আপনাদের সবার দোয়ায় শীঘ্রই সুস্থ হয়ে মাঠে ফিরবো ইনশাআল্লাহ!''

অন্যদিকে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে স্কুল-কলেজ শিক্ষার্থীদের বিনা টিকিটে খেলা দেখার ব্যবস্থা করেছে বিসিবি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। যেখানে ৬ ও ৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে আরও দুটি ম্যাচ গড়াবে এবং ৯ ফেব্রুয়ারি গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। এই ম্যাচগুলো দেখতে টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এজন্য স্কুল-কলেজের নির্ধারিত পোশাক পরে আসতে হবে অথবা নিজেদের সঙ্গে রাখতে স্কুল-কলেজের আইডি কার্ড। বিনা টিকিটে খেলা দেখতে আগ্রহী শিক্ষার্থীরা শুধু ক্লাব হাউস গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবে।

একনজরে ধূমকেতু স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম।