০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৮

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

বাংলাদেশ দল   © সংগৃহীত

আইসিসি নারীদের টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে শীর্ষে থেকেই টুর্নামেন্ট শেষ করেছিল বাংলাদেশ। এবার আইসিসি র‍্যাঙ্কিংয়েও এই সাফল্যের প্রভাব পড়েছে, র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে একাধিক টাইগ্রেস ক্রিকেটারের।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, লাল-সবুজের প্রতিনিধিদের মধ্যে তিনিই শীর্ষে আছেন। অন্যদিকে বাছাইপর্বজুড়ে আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়া সোবহানা মোস্তারিও বড় লাফ দিয়েছেন, এক লাফে ১৬ ধাপ এগিয়ে বর্তমানে ৩৬ নম্বরে উঠেছেন তিনি।

তবে শুরুর দিকে ভালো করেও শেষদিকে ছন্দ হারানো শারমিন আক্তার সুপ্তা ১৩ ধাপ পিছিয়ে ৪৮ নম্বরে নেমে গেছেন। এ ছাড়া পাঁচ ধাপ উন্নতি করে ৬৫ নম্বরে আছেন ওপেনার দিলারা আক্তার।

বোলারদের মধ্যে যথারীতি বাংলাদেশের সেরা রাবেয়া খান, নিজের আগের ১৪তম অবস্থান ধরে রেখেছেন তিনি। ৮ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন নাহিদা আক্তার। বিপরীতে, তিন ধাপ পিছিয়ে ৩৩ নম্বরে নেমেছেন ফাহিমা খাতুন।

র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উত্থান স্বর্ণা আক্তারের। ৪৩ ধাপ এগিয়ে এখন ৭৪ নম্বরে এসেছেন তিনি। একইভাবে মারুফা আক্তারও বড় লাফ দিয়েছেন, ২০৬ ধাপ উন্নতি করে সেরা ১০০-তে উঠে এসেছেন, বর্তমানে তার অবস্থান ৯২ নম্বর।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, আর বোলারদের তালিকায় এক নম্বরে আছেন তারই সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড।