১২ মে ২০২৫, ০৮:৫৬

কোহলির অবসর নিয়ে যা বললেন গম্ভীর

বিরাট কোহলি ও গৌতম গম্ভীর  © সংগৃহীত

গত কয়েক বছর ধরেই ইন্ডিয়ান ক্রিকেটে অন্যতম চর্চায় বিষয়বস্তু বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যকার শীতল সম্পর্ক। ম্যাচ চলাকালে মাঠেই তাদের বিবাদে জড়ানোর দৃশ্যও বেশিদিন আগের নয়। তবে এরই মধ্যে পাল্টেছে দৃশ্যপট। ভারতের প্রধান কোচের চেয়ারে বসেছেন গম্ভীর। তারই অধীনে খেলছেন কোহলিও। তবে এতকিছুর মাঝেও কোহলি আর গম্ভীরের সম্পর্কের বিষয়টি এখনও রহস্যময়।

এদিকে রোববার (১২ মে) ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্টকে বিদায় বলেছেন কোহলি। এবার কোহলির অবসর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় কোচ।

এক্স হ্যান্ডলে কোহলির একটি ছবি দিয়ে ক্যাপশনে গম্ভীর লেখেন, ‘এমন এক মানুষ যার আগ্রাসন সিংহের মতো। চিক্‌স, তোমাকে মিস্‌ করব।’

প্রসঙ্গত, কোহলির ডাকনাম ‘চিকু’। এই নামে তাকে প্রথম ডাকা শুরু করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ম্যান ইন ব্লুদের অনেক সিনিয়রই তাকে ‘চিকু’ নামেই ডাকেন।

আইপিএল খেলার সময়ে বেশ কয়েকবার কোহলির সঙ্গে বিবাদ জড়িয়েছেন গম্ভীর। এ ছাড়া লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীনও মাঠেই প্রকাশ্যে কোহলির সঙ্গে বিবাদে জড়িয়েছেন গম্ভীর। তবে ম্যান ইন ব্লু শিবিরের দায়িত্বে গম্ভীর আসার পরই পাল্টে গেছে পুরো চিত্র। মাঝেমধ্যেই হাসিমুখে দেখা যায় তাদের। সম্প্রতি একটি অনুষ্ঠানেও কোহলির সঙ্গে নিজের ভালো সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন গম্ভীর।