সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক
নওগাঁর পোরশা সীমান্ত থেকে মতিলাল (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার নিতপুর দিয়ারা পাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন৷
আটককৃত মতিলাল (৩৫) ভারতের মালদা জেলার হাবিবপুর থানার কাঠালবানপুর গ্রামের নাইকি মুর্মুর ছেলে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, সকালে নিতপুর বিওপির টহলদল নিয়মিত টহলের অংশ হিসেবে টহল দিচ্ছিলো। এমন সময় আমাদের কাছে সংবাদ আসে একজন ভারতীয় নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। খবর পেয়ে টহল দল নিতপুর সীমান্ত এলাকার দিয়ারাপাড়া সীমান্ত পিলার-২৩০/১৬ আর থেকে ২০০ গজ বাংলাদেশের ভিতরে হতে ওই ব্যক্তিকে আটক করে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ওই ব্যক্তি মানব পাচারকারী বলে স্বীকার করেছে। সে মানব পাচারের উদ্দেশ্যে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সীমান্ত এলাকায় অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।