ইসির সঙ্গে ১৮ দলের সংলাপ আজ, যাচ্ছে না জামায়াত
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রবিবার সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনের আলোচনায় ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও এতে অংশ নিচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১-দলীয় ঐক্যের শরিকদের নিয়ে একসঙ্গে সংলাপে বসতে চায় দলটি। এ জন্য কমিশনের কাছে আলাদা সময় চেয়েছে তারা।
রবিবার (২৯ নভেম্বর) থেকে টানা তিন দিন ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি। নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে এ সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে।
কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম দিন জামায়াতে ইসলামীসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়। তবে জামায়াত আজকের সংলাপে অংশ নিচ্ছে না। অন্যদিকে ১১-দলীয় ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আলাদাভাবে সংলাপে অংশ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজকের পরিবর্তে আগামীকাল সোমবার সংলাপে অংশ নেওয়ার কথা জানিয়েছে। দলটির অনুরোধে তাদের জন্য সংলাপের সময় এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১১-দলীয় ঐক্যভুক্ত দলগুলো সম্মিলিতভাবে সংলাপে অংশ নিতে আগ্রহীর বিষয়টি জানানো হয়। এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার পরামর্শ দেয় কমিশন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ১১-দলীয় ঐক্যের জন্য আলাদা সময় চাওয়া হয়েছে। সময় নির্ধারণ করা হলে ওই দিন জোটের নেতারা একসঙ্গে নির্বাচন কমিশনে যাবেন।
সংলাপে অংশ নেওয়ার পদ্ধতি নিয়ে ১১-দলীয় ঐক্যের শরিকদের মধ্যে মতভিন্নতা দেখা দিয়েছে। জোটের অধিকাংশ দল একসঙ্গে আলোচনায় বসতে চাইলেও এনসিপি ও এবি পার্টি পৃথকভাবে অংশ নেওয়ার পক্ষে।
এ নিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। বৈঠকে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে জোটবদ্ধভাবে অংশ নেওয়া হবে, নাকি দলগুলো আলাদাভাবে যাবে, তা নিয়ে আলোচনা হয়। এনসিপি ও এবি পার্টি ছাড়া অন্য দলগুলো সম্মিলিতভাবে সংলাপে যাওয়ার পক্ষে মত দেয়।
বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য আরিফুল ইসলাম আদীব বলেন, নির্বাচন কমিশন দলগুলোকে পৃথকভাবে আমন্ত্রণ জানিয়েছে। তবে ১১-দলীয় ঐক্যের অধিকাংশ শরিক একসঙ্গে সংলাপে অংশ নেওয়ার পক্ষে। জামায়াতসহ অন্য দলগুলো ইতিমধ্যে মৌখিকভাবে কমিশনকে জোটগত সংলাপের আয়োজন করার অনুরোধ জানিয়েছে। এনসিপির পক্ষ থেকে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানানোর কথা বলা হয়েছে।
অন্যদিকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ১১-দলীয় ঐক্যের দলগুলো স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ কারণে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুসারেই তার দল পৃথকভাবে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১১টি দলকে একসঙ্গে আমন্ত্রণ না জানালে সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে এবি পার্টি একমত নয়।
ইসির সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) আরও ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এদিন বিএনপিসহ ১১-দলীয় ঐক্যের কয়েকটি শরিক দলের অংশ নেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) এনসিপিসহ আরও ১৮টি দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, বিএনপির সঙ্গে সংলাপ এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে, তারা ১১-দলীয় ঐক্যের সব শরিককে নিয়ে একসঙ্গে আলোচনায় বসতে চায়।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো সুষ্ঠু ও ভালো নির্বাচন আয়োজন করতে চায় কমিশন। এ লক্ষ্যেই নির্বাচনে সবার সহযোগিতা চাওয়ার জন্য সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।
সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। এসব আলোচনায় নির্বাচন ও সংশ্লিষ্ট আইন-বিধি নিয়ে দলগুলো নিজেদের দাবি, প্রস্তাব ও পরামর্শ তুলে ধরে।
এবার স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইতে এ সংলাপের আয়োজন করেছে ইসি। ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয় হওয়ায় এবারের আলোচনার উদ্দেশ্যও ভিন্ন।
বর্তমানে কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হয়নি।
পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।