২৮ নভেম্বর ২০২৬, ১৯:১৮

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম  © টিডিসি সম্পাদিত

অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্তের কথা জানিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হবে। দুই দেশ চিরকাল ভাই হিসেবে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

পাকিস্তান সফরকালে দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের আতিথেয়তায় অভিভূত হওয়ার কথা জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সফরে তিনি প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তারা অত্যন্ত অমায়িক ও আন্তরিকতার সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের দেখাশোনা করেছেন।

দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনা প্রসঙ্গে স্পিকার বলেন, তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক আলোচনা হয়েছে। আলোচনায় তারা অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পাকিস্তানের আতিথেয়তাকে অত্যন্ত উপভোগ্য ও অতুলনীয় উল্লেখ করে সফরের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান হাফিজ উদ্দিন আহমদ।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দুই দেশ সব সময় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।