নয় মাসের মেয়েকে দেখতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল কাতারপ্রবাসী প্রকৌশলীর
নয় মাসের কন্যাসন্তানকে দেখতে দুই মাসের ছুটি নিয়ে দেশে এসেছিলেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। কিন্তু মেয়ের সঙ্গে সময় কাটানোর সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। দেশে আসার এক মাসের মাথায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। তার বন্ধু মো. সাইফুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। শনিবার জানাজা শেষে গ্রামের বাড়ি বোয়ালখালীর বাংলা পাড়ার কবরস্থানে নেজাম উদ্দিন পারভেজের দাফন সম্পন্ন হয়।
জানা গেছে, নেজাম উদ্দিন পারভেজ চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়ার নুর হোসেন সওদাগর বাড়ির বাসিন্দা। তিনি আহম্মদ নবীর বড় ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে পারভেজ ছিলেন সবার বড়। তার ছোট ভাইও প্রবাসে থাকেন। ২০১৮ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে কাতারে যান তিনি।
বন্ধু মো. সাইফুদ্দিন জানান, এক মাস আগে দুই মাসের ছুটি নিয়ে দেশে আসেন পারভেজ। তার মেয়ের বয়স মাত্র নয় মাস। দেশে ফেরার পর এবারই প্রথম সরাসরি মেয়েকে দেখার সুযোগ হয়েছিল তার। এর আগে দুই বছর আগে দেশে এসে বিয়ে করেন তিনি। বিয়ের পর তিন মাস দেশে থেকে আবার কাতারে ফিরে যান।
তিনি আরও জানান, চার-পাঁচ দিন আগে জ্বরে আক্রান্ত হন পারভেজ। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হয়। পরে জ্বর না কমায় তাঁকে চট্টগ্রাম শহরের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। শুক্রবার রাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ছেলের মৃত্যুর বিষয়ে বাবা আহম্মদ নবী বলেন, মেয়েকে দেখতে চাওয়ায় তার মা ছেলেকে দেশে আসতে বলেছিলেন। পাঁচ দিনের জ্বরেই ছেলেকে হারাতে হয়েছে তাকে। ছেলের মৃত্যুতে তাঁর মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। বারবার বলছেন, ‘ছেলেকে ছাড়া আমি কিভাবে থাকব।’