২১ নভেম্বর ২০২৬, ২৩:১৭

পাগলা মসজিদের দানবাক্সে এবার ১৮ কোটির বেশি টাকা, মিলেছে সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

পাগলা মসজিদের ১৫ দানবাক্সের টাকার গণনা  © সংগৃহীত

দীর্ঘ চার মাস ২৫ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এ ছাড়া মিলেছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপা। ৫১ বস্তা টাকা গণনা করতে প্রায় ১৪ ঘণ্টা সময় লেগেছে।

আজ শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব মো. কামরুল হাসান মারুফ।

এর আগে সকাল ৭টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মসজিদের ১০টি স্থায়ী দানসিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাঙ্ক খোলা হয়। পরে দানের অর্থ বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সকাল ৯টা থেকে শুরু হয় টাকা গণনার কাজ।

মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আগে দানবাক্স হিসেবে ১০টি স্থায়ী সিন্দুক ও তিনটি অস্থায়ী ট্রাঙ্ক ব্যবহার করা হতো। তবে এবার সবগুলো পূর্ণ হয়ে যাওয়ায় আরও দুটি অস্থায়ী ট্রাঙ্ক যুক্ত করা হয়। ফলে মোট ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি ট্রাঙ্ক খোলা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাত সদস্যের উপকমিটি দানসিন্দুক খোলার কার্যক্রম পরিচালনা করে।

টাকা গণনা ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৬৭১ জন। তাদের মধ্যে জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন ও পাগলা মসজিদ মাদ্রাসার ৯০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ৩৫ জন শিক্ষক ও কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মচারী ছিলেন।

এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে ছিলেন ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, আটজন এসআরবি সদস্য ও ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য। এ কাজে ফায়ার সার্ভিসের সদস্যরাও সহযোগিতা করেন।

টাকা গণনার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক, পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ এবং রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ২৭ জুন সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, এ পর্যন্ত পাগলা মসজিদের তহবিলে জমা হয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। পাশাপাশি অনলাইনে অনুদান পাওয়া গেছে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা। এ ছাড়া সংরক্ষিত স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার অর্থও রয়েছে।

সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, ‘পাগলা মসজিদের আধুনিকায়নের পাশাপাশি এর অধীনে পরিচালিত মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। অন্যান্য মাদ্রাসার শিক্ষার্থীরাও যেন এ সুযোগ-সুবিধা পায়, সে উদ্যোগ নেওয়া যেতে পারে। দূরদূরান্ত থেকে আসা মুসল্লিরা যাতে ধর্মীয় কার্যক্রম পালনে কোনো অসুবিধায় না পড়েন, সে বিষয়টি বিবেচনায় রেখেই মসজিদের আধুনিকায়ন করা হবে।’