সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা টেকনাফে ফিরছেন
বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকরা টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। তিনটি সার্ভিস ট্রলারের মাধ্যমে তাদেরকে টেকনাফে আনা হচ্ছে। শনিবার (২১ নভেম্বর) সকালে সেন্টমার্টিন জেটিঘাট থেকে তারা টলারে করে রওনা দেন।
জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় এবং সতর্কসংকেত জারি থাকায় ১৯ নভেম্বর থেকে সেন্টমার্টিন-কক্সবাজার ও সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ কারণে এর আগে সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া পর্যটকরা দ্বীপে আটকা পড়েন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ শনিবার যারা দ্বীপ থেকে ফিরতে চান, তাদের অনেকেই ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারও দেড় হাজারের অধিক পর্যটক আটকা পড়েন। তাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৫ জন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ৩১ জন ছিলেন। অবশেষে দ্বীপে আটকা পর্যটকরা ট্রলারের মাধ্যমে ফিরছেন।
এ বিষয়ে সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, শনিবার সকাল থেকে পাঁচটি ট্রলারে করে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা টেকনাফে ফিরতে শুরু করেছেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে যারা ফিরতে চান, তারা ট্রলারে করে চলে যাচ্ছেন। সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে উঠে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছাবেন।