১৪ নভেম্বর ২০২৬, ১৫:৫৭

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি

পোশাক কারখানা  © সংগৃহীত

পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সাভার, আশুলিয়া ও সংশ্লিষ্ট এলাকার ১৪৭টি কারখানা রবিবার (১৫ নভেম্বর) থেকে বন্ধ থাকবে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। 

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহমুদ হাসান খান বাবু বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের কারণে আজও সাভার ও আশুলিয়া এলাকায় শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রাখতে হয়েছে। এছাড়া ৯২টি কারখানায় আংশিক উৎপাদন চলছে। এ অবস্থা অব্যাহত থাকলে আগামীকালও এই ১৪৭টি কারখানা চালু রাখা সম্ভব হবে না।

তিনি বলেন, তৈরি পোশাকশিল্পে এ ধরনের অস্থিরতা চলতে থাকলে মজুরি বোর্ডে মজুরি বৃদ্ধির আলোচনা চালানো সম্ভব হবে না। তবে আগামীকাল মজুরি বোর্ডে মালিকপক্ষের পক্ষ থেকে উদ্যোক্তারা মজুরির প্রস্তাব উপস্থাপন করবেন। শ্রমিক ফেডারেশনগুলোও পরিস্থিতি সামাল দিতে পারছে না।