১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭

গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া

পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া  © সংগৃহীত

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। অবরোধ তুলে দিতে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় হাজার হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। থেমে থেমে ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা কর্মস্থলে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। সকাল ১০টার দিকে শ্রমিকেরা পুনরায় মহাসড়ক অবরোধ করেন। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকেশ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকেরা।