কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের আরেকটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী এলাকার ‘কক্স অ্যাম্বাসেডর’ হোটেলের অষ্টম তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। এ সময় হোটেলটিতে শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের খবর ছড়িয়ে পড়লে হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের হোটেলগুলোর অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে অনেকে হোটেল থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে থাকা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সাম্প্রতিক সময়ে কক্সবাজারের পর্যটন জোন ও আশপাশের এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল-মোটেল ও পর্যটন স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে কলাতলীর সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লেগে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। এর আগে গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসের জেনারেটর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ছাড়া গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি দুইতলাবিশিষ্ট টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
এদিকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজারের পর্যটনশিল্পে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
কক্সবাজার চেম্বার অব কমার্সের উপদেষ্টা আবেদ আহসান সাগর বলেন, এভাবে অগ্নিকাণ্ড ঘটতে থাকলে পর্যটন জোনে আতঙ্ক তৈরি হবে। পর্যটকদের নিরাপত্তা ও পর্যটনশিল্পের স্বার্থে আবাসিক হোটেলসহ সব পর্যটন স্থাপনায় কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
তিনি হোটেল ও রিসোর্টগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম, জরুরি বহির্গমন পথ, অগ্নিসংকেত ব্যবস্থা এবং প্রশিক্ষিত জনবল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।