১১ নভেম্বর ২০২৬, ২১:৩৭

পত্রিকা দিয়ে মুখ ঢেকে সংসদে ফোনালাপ, পেছন থেকে সতর্ক করলেন হুইপ

সংসদ অধিবেশনের চলাকালে পত্রিকা দিয়ে মুখ ঢেকে মোবাইলে কথা বললেন এমপি  © সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে পত্রিকা দিয়ে মুখ ঢেকে মোবাইল ফোনে কথা বলতে দেখা গেছে কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে। এ সময় তার পেছনের আসনে বসে থাকা শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু তাকে কথা না বলার জন্য সতর্ক করেন। পরে মোবাইল ফোনে কথা বলা বন্ধ করেন জাকারিয়া তাহের সুমন।

আজ বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

সংসদীয় কার্যপ্রণালি বিধির ২৬৭ ধারায় অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের নীরবতা বজায় রাখা এবং সংসদের কার্যক্রমে বিঘ্ন না ঘটানোর নির্দেশনা রয়েছে। 

এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল সংসদ অধিবেশন চলাকালে সদস্যদের মোবাইল ফোনে কথা বলা ও ছবি তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম। ওই দিন ডেপুটি স্পিকার কায়সার কামালও সংসদ কক্ষে মোবাইল ফোনে কথোপকথনের শব্দে বক্তব্য দেওয়া ও শোনায় বিঘ্ন ঘটার বিষয়টি তুলে ধরেন। 

এ ছাড়া গত ২ সেপ্টেম্বর অধিবেশন চলাকালে মোবাইল ফোনে কথা বলতে থাকা এক সংসদ সদস্যকে লবিতে গিয়ে কথা শেষ করার নির্দেশ দিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে সংসদ কক্ষে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য সদস্যদের অনুরোধ জানিয়েছিলেন তিনি।