ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে মালিকপক্ষকে চার কার্যদিবসের মধ্যে বেতন কাঠামোর লিখিত সুপারিশ জমা দিতে বলেছে নিম্নতম মজুরি বোর্ড।
সোমবার (৯ নভেম্বর) বোর্ডের এই দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।
তিনি জানান, ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরির হারের বিষয়টি শেষ করা এবং জানুয়ারির বেতনের সঙ্গে সেটি যোগ হবে বলে আগেই জানানো হয়েছে। দুই পক্ষেরই লিখিত প্রস্তাব দাখিল করার কথা ছিল। শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে লিখিত সুপারিশ দেওয়া হয়েছে।
তবে মালিকপক্ষ গার্মেন্টস এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি ও নানা কারণে সেখানে যেতে পারছেন না জানিয়ে লিখিত সুপারিশ জমা দিতে সাতদিন সময় চেয়েছে বলে জানান চেয়ারম্যান সুবহানি।
তিনি আরও জানান, ‘মালিকপক্ষকে চার কার্যদিবসের মধ্যে বেতন কাঠামোর সুপারিশ করার জন্য সময় দিয়েছি। আগামী সভায় যদি ওনারা এটা দাখিল করতে ব্যর্থ হন তাহলে আমরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এগিয়ে যাব এবং ওনাদের এই লিখিত প্রস্তাবের অপেক্ষা করব না।’
একইসঙ্গে নিম্নতম মজুরি বোর্ড বেশ কিছু পোশাক কারখানা পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার জানান, ‘এক নম্বর গ্রেডে ৪৮ হাজার টাকা, ২ নম্বর গ্রেডে ৪৩ হাজার টাকা, তিন নম্বর ৩৮ হাজার টাকা এবং চার নম্বর গ্রেডের জন্য ৩২ হাজার টাকা এবং শিক্ষানবিশকালে একেবারে নতুন ওয়ার্কার যারা আসবেন তাদের জন্য ৩০ হাজার টাকা মজুরি দাবি করেছি।’
তিনি জানান, ২০২৩ সালের গেজেটে যেসব পদ-পদবী আছে সেখানে অনেকগুলো অযথা পদ-পদবী।
তিনি আরও জানান, ‘কর্মচারীদের জন্য তফসিল-খ তে প্রস্তাব করা হয়েছে, এক নম্বর গ্রেডের জন্য ৫৫ হাজার টাকা, দুই নম্বর গ্রেডের জন্য ৫০ হাজার টাকা, তিন নম্বর গ্রেডের জন্য ৪৫ হাজার টাকা এবং চার নম্বর গ্রেড, যেটা অফিস স্টাফদের, সেটার জন্য ৪০ হাজার টাকা আমরা প্রস্তাব করেছি’।
ন্যূনতম মজুরি কত সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে বাবুল আক্তার জানান, ‘চার নম্বর গ্রেডে নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা চেয়েছি আমরা। এছাড়া শিক্ষানবিশকাল একেবারে নতুন ওয়ার্কার যারা আসবেন তাদের জন্য ৩০ হাজার টাকা মজুরি দাবি করেছি।’