নিহত সৈনিক তিতাসকে নিজ বাড়িতে নেওয়া হচ্ছে
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭)। তাঁর মৃত্যুর খবরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
শুক্রবার (৬ নভেম্বর) নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সেনাসদস্যের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার।
তিনি বলেন, ‘নতুন সংসার শুরুর আগেই এভাবে তার চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’ প্রিয়জনের এমন অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়।
এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
সেখানে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় যৌথ বাহিনীর সঙ্গে সশস্ত্র অপরাধীদের গোলাগুলি হয়। এ সময় সেনাসদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে তিনি মৃত্যুবরণ করেন।