কাশিমপুর কারাগারে হত্যা মামলার হাজতির আত্মহত্যা
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ রাজু নামে হত্যা মামলার এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
নিহত রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার জানান, বৃহস্পতিবার বিকেলে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। বিষয়টি দেখতে পেয়ে ডিউটিরত কারারক্ষী তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে রাজুকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ জানায়, ময়নাতদন্ত শেষে রাজুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।