শক্তিশালী নায়িকার কারণে কারও যেন চরিত্র হনন না হয়
আদালদত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে এক সাংবাদিকের বাগ্বিতণ্ডা ও গায়ে হাত দেওয়ার অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার মুখ খুলেছেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মানসুরা আলম। পরীমনিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘শক্তিশালী নায়িকার’ কারণে যেন কারও ওপর মিডিয়া ট্রায়াল চালিয়ে জুলুম বা চরিত্রহনন করা না হয়।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন মানসুরা আলম।
পোস্টে তিনি লিখেছেন, ‘এক সাংবাদিক ভদ্রলোককে এক নায়িকা তাকে আক্রমণ করেছে বলে অভিযোগ করেছেন। এই নিয়ে হট্টগোলও হয়েছে।
সাংবাদিক ভদ্রলোককে আমি দীর্ঘদিন ধরে চিনি। দীর্ঘদিনের পরিচয়ে তাকে দেখেছি অত্যন্ত ভদ্র ও সেন্সিটিভ একজন মানুষ হিসেবে। সুযোগ পেয়ে কারো গায়ে হাত দিয়ে দিলাম, এইরকম মানসিকতা উনি কখনও পোষণ করে বলে মনে হয়নি। ভিডিও বাইট নিতে গিয়ে উনি কতটা সতর্ক থাকতেন সেইটাও দেখেছি। একজন মেয়ে হয়ে এতটুকু অন্তত বুঝি যে কে কিভাবে দেখছে, ভাবছে।
ইচ্ছা করলেই এই প্রসঙ্গ এড়িয়ে যেতে পারতাম কিন্তু শক্তিশালী নায়িকার কথা ভেবে যেন কারো উপর মিডিয়া ট্রায়াল করে জুলুম না হয়, চরিত্র হনন না হয়- সেইজন্যই এই পোস্ট।’
ওই সাংবাদিককে দীর্ঘদিনের পরিচিত উল্লেখ করে মানসুরা আলম আরও বলেন, তার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ে সাংবাদিককে অত্যন্ত ভদ্র ও সংবেদনশীল মানুষ হিসেবে দেখেছেন তিনি। ভিডিও বাইট নেওয়ার সময়ও ওই সাংবাদিক কতটা সতর্ক থাকতেন, তা দেখেছেন বলে পোস্টে উল্লেখ করেন।