৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৫

দুদকে ফিরেছেন প্রভাবশালীদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে চাকরিচ্যুত সেই কর্মকর্তা

মো. শরীফ উদ্দিন  © সংগৃহীত

সাড়ে চার বছরের বেশি সময় আগে চাকরিচ্যুত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের চাকরিতে পুনর্বহালে আর কোনো আইনি বাধা নেই। তাঁকে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল প্রত্যাহার করে নিয়েছে দুদক। সংস্থাটির আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

এর আগে, গত ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধির ক্ষমতাবলে পটুয়াখালী কার্যালয়ে কর্মরত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়।

এর আগে চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করায় আলোচনায় আসেন তিনি। এ সময় বিভিন্ন মহল থেকে প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন শরীফ উদ্দিন।

তাঁর চাকরিচ্যুতির ঘটনায় সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এমনকি দুদকের প্রধান কার্যালয়ের সামনেও কর্মচারীরা মানববন্ধন করেন।

চাকরি ফিরে পেতে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও আপিল বিভাগের শুনানি শেষে ২০২৪ সালের ৯ জুলাই হাইকোর্ট এক রায়ে তাঁর চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে দুদক। তবে সম্প্রতি সংস্থাটি আবেদনটি আর পরিচালনা না করে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। পরে চেম্বার আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।

এর ফলে হাইকোর্টের রায় বহাল থাকায় চাকরিচ্যুতির সাড়ে চার বছরের বেশি সময় পর শরীফ উদ্দিনের চাকরিতে পুনর্বহালে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।