২৮ অক্টোবর ২০২৬, ১০:১৬

রাজধানীতে একসঙ্গে যে তিন রুটের মেট্রোর কাজ শুরু হচ্ছে

মেট্রোরেল রুটের নির্মাণকাজ  © সংগৃহীত

রাজধানীতে একসঙ্গে শুরু হচ্ছে তিনটি মেট্রোরেল রুটের নির্মাণকাজ। রুটগুলো হলো—বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত (এমআরটি লাইন-১), হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত (লাইন-৫ নর্দান রুট) এবং গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত (লাইন-৫ সাউদার্ন রুট)। এর মধ্যে লাইন-১ ও নর্দান রুটের চারটি নির্মাণ প্যাকেজের চুক্তি গতকাল সই হয়েছে। এর মধ্য দিয়ে প্রকল্প দুটির মাঠপর্যায়ে কাজ শুরুর প্রক্রিয়া এগিয়েছে। 

চুক্তি অনুযায়ী, লাইন-১-এর আওতায় ডিপো এলাকায় ওয়ার্কশপ, ট্রেন রাখার শেড ও পরিচালনা কেন্দ্রসহ ৪৯টি স্থাপনা নির্মাণ করা হবে। এ ছাড়া পাঁচ কিলোমিটারের বেশি উড়ালপথ ও তিনটি স্টেশন নির্মাণের কাজ রয়েছে। নর্দান রুটে ডিপো স্থাপনার পাশাপাশি সাড়ে ছয় কিলোমিটার উড়ালপথ ও পাঁচটি স্টেশনও নির্মাণ হবে।

তিনটি রুটের কাজ প্রায় একই সময়ে চলায় রাজধানীতে যানজট ও জনভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। নির্মাণকাজের জন্য সড়কের জায়গা কমে যাওয়া এবং পানি, গ্যাস ও বিদ্যুতের লাইন সরানোর সময় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, মেট্রোরেল লাইন-৬ নির্মাণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পরিকল্পনা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী বিকল্প সড়ক ও অন্যান্য ব্যবস্থাও রাখা হবে।

লাইন-১-এর কাজ শেষ করার লক্ষ্য ২০৩৩ সালের ডিসেম্বর। নর্দান রুটের লক্ষ্য ২০৩২ সালের ডিসেম্বর এবং সাউদার্ন রুটের নির্মাণ কাজের  লক্ষ্য ধরা হয়েছে ২০৩৩ সালের আগস্ট।