ফের কক্সবাজারের হোটেলে আগুন
কক্সবাজারের টুপটুপ রিসোর্টের অগ্নিকান্ডের ঘটনার রেশ কাটতে না কাটতে সুগন্ধা পয়েন্টের ‘দ্য সি প্রিসেন্স’ আবাসিক হোটেলে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় হোটেলটিতে অবস্থান করছিলেন তিন শতাধিক পর্যটক। তবে দ্রুত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও হোটেল কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে হোটেলটির পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুন লাগার খবর পাওয়ার পর নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশন থেকে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে রয়েছেন।
প্রসঙ্গত, গত শনিবার কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ রিসোর্ট’ নামের একটি আবাসিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ পর্যটকের মৃত্যু হয়।