০৭ অক্টোবর ২০২৬, ২১:০৯

ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ

ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ  © সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ এবার আয়োজন করছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ নামে এ পুরস্কারে প্রিন্ট-অনলাইন এবং টেলিভিশন-রেডিও—দুই বিভাগে মোট ২৬টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির রফিকুল কবীর মিলনায়তনে সংবাদ সম্মেলনে নগদ ও ডিআরইউ যৌথভাবে এ ঘোষণা দেয়।

ডিআরইউ সদস্যদের ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন এ অ্যাওয়ার্ডের জন্য জমা দেওয়া যাবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬।

এবার সব গণমাধ্যমের সাংবাদিকদের জন্য উন্মুক্ত দুটি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের পুরস্কার দেওয়া হবে রাষ্ট্রপতির পক্ষ থেকে। জমা পড়া প্রতিবেদন যাচাই-বাছাই করে বছরের সেরা রিপোর্ট নির্বাচন করবেন দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক।

সংবাদ সম্মেলনে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, বছরের সেরা রিপোর্টের জন্য সাংবাদিকদের সম্মানিত করার এ আয়োজন দেশের সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক প্রক্রিয়া। ডিআরইউ প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এ দায়িত্ব পালন করে আসছে এবং এর ইতিবাচক প্রভাব সাংবাদিকতায় পড়েছে।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এবারের আয়োজনে ডিআরইউর অংশীদার হয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। তিনি বলেন, ‘এ বছরসহ মোট তিনবার অ্যাওয়ার্ড আয়োজনে ডিআরইউ-এর সঙ্গে কাজ করেছে নগদ। দেশের সাংবাদিকতাকে আরও বেশি উৎসাহ দিতে দেশীয় সেবা নগদের এই প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ ও স্বাগত জানাই।’

নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ সাহাব উদ্দীন সারওয়ার ভূঁইয়া বলেন, ‘দেশের সাংবাদিকতায় অবদান রাখা সাংবাদিকদের অন্যতম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আমরা দেশীয় মোবাইল আর্থিক সেবা হিসেবে এরকম একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা ও নিয়ম-নীতির বিষয়ে রাষ্ট্রের একটি চোখ হিসেবে কাজ করার ভূমিকা পালন করেন সাংবাদিকরা। আরও ভালো ও সমৃদ্ধ সাংবাদিকতাকে উৎসাহিত করার জন্য বরাবরের মতো আমরা এবারও এই পুরস্কারের সঙ্গী হচ্ছি।’

অনুষ্ঠানে নগদের চিফ কমপ্লায়েন্স অফিসার ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) মুহম্মদ আজিজুর রহমান ভূঁইয়া, হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মুহম্মদ জাহিদুল ইসলাম, নগদ-ডিআরইউ অ্যাওয়ার্ডের সমন্বয়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিমসহ ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সদস্য এবং নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ২০২১ সালে প্রথমবার ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত হয় নগদ। এরপর ২০২৫ সালে দ্বিতীয়বার এবং এবার ২০২৬ সালে তৃতীয়বারের মতো এ আয়োজনে অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি।