আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
গত আগস্ট মাসে দেশে ৫৪ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। একই সময়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৫৫ জন। ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জনই কন্যাশিশু। আর হত্যাকাণ্ডের শিকার ৫৫ জনের মধ্যে ১০ জন কন্যাশিশু ও ৪৫ জন নারী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, আগস্টে দেশে মোট ২৫২ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী।
ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জন কন্যাশিশু এবং ১৮ জন নারী। তাদের মধ্যে ৮ জন কন্যাশিশুসহ ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে এক কন্যাশিশুসহ দুজনকে। এ ছাড়া ১১ জন কন্যাশিশুসহ ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
আগস্টে হত্যাকাণ্ডের শিকার ৫৫ জনের মধ্যে ১০ জন কন্যাশিশু এবং ৪৫ জন নারী। এ ছাড়া নারী ও কন্যাশিশুরা হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ ও অপহরণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগস্টে যৌন সহিংসতার শিকার হয়েছেন ২৪ জন কন্যাশিশুসহ মোট ৩০ জন। তাদের মধ্যে ১২ জন কন্যাশিশুসহ ১৪ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। আর ৮ জন কন্যাশিশুসহ ৯ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন।
এ ছাড়া সাইবার সহিংসতার শিকার হয়েছেন চার কন্যাশিশুসহ সাতজন।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আগস্ট মাসের নারী ও কন্যাশিশু নির্যাতনের এসব তথ্য সংকলন করা হয়েছে।