১০ আগস্ট ২০২৬, ১৮:৪৭

ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল মায়ের গায়ে

প্রতীকী ছবি  © সংগৃহীত

খুলনায় ছেলেকে খুঁজতে বাড়িতে এসে বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তবে লক্ষ্যভ্রষ্ট সেই গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন ছেলের মা। আজ সোমবার (১০ আগস্ট) সকালে খুলনা নগরের করিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিমুল বেগম (৪০) করিমনগর এলাকার বাসিন্দা ও খুলনা শহরের মুঠোফোন সেট ব্যবসায়ী মো. মুকুলের স্ত্রী। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুকুল করিমনগর এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন ওই বাড়িতে আসেন। নিচতলার ফটক খুলে তারা সরাসরি তৃতীয় তলায় উঠে মুকুলের কলেজপড়ুয়া ছেলেকে খুঁজতে থাকেন।

হঠাৎ অপরিচিত কয়েকজনের এভাবে বাড়িতে ঢুকে ছেলেকে খোঁজার কারণ জানতে চান মুকুল। তিনি তাদের জানান, তার ছেলে বাড়িতে নেই। কিন্তু এতে থামেননি তারা। এক পর্যায়ে মুকুলের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়।

এরপরই ঘটে গুলির ঘটনা। মুকুলের ভাষ্য, তাদের একজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা তার স্ত্রী শিমুল বেগমের কোমরের পেছনের ডান পাশে বিদ্ধ হয়। গুলির শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত শিমুলকে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, মুকুল ও তার পরিবারের এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিতি রয়েছে। তাদের ওপর হামলার কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।