২৬ জুলাই ২০২৬, ২০:৩১

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু  © টিডিসি সম্পাদিত

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা করে কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে পুরনো কোনো ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার (২৬ জুলাই) এসব তথ্য জানান বাংলাদেশে ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। 

তিনি বলেন, তিনি সাংবিধানিকভাবে রাষ্ট্রের শীর্ষ পদে ছিলেন, তাই তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আলাদা কোনো অনুসন্ধান চালাবে না নিয়ন্ত্রক সংস্থা। তবে দেশের আর্থিক খাতের সংস্কারে ব্যাংকভিত্তিক যে তদন্তগুলো চলছে, সেখানে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।  

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের সময়ে বেসরকারি পাঁচ ব্যাংক একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। একীভূত করার আগে এই পাঁচ ব্যাংকের ওপর বিশেষ ‘ফরেনসিক অডিট’ বা আর্থিক লেনদেনের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয়। এর বাইরেও ইসলামী ব্যাংক বাংলাদেশের ওপরও একই ধরনের তদন্ত করা হয়। রাষ্ট্রপতি হওয়ার আগ অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মো. সাহাবুদ্দিন এ ব্যাংকের ভাইস-চেয়ারম্যান পদে ছিলেন। তিনি চট্টগ্রামের জেএমসি বিল্ডার্সের পক্ষে ২০১৭ সালের জুনে ব্যাংকটির পরিচালক নিযুক্ত হন।