১১ জুন ২০২৬, ২২:১৯

দেশে ফের ভূমিকম্প

ভূমিকম্প  © প্রতীকী ছবি

বাংলাদেশ ও ভারতের সীমান্ত সংলগ্ন উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্পের আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। আজ বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল ভারতের আসাম রাজ্যের সিলচর শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে।

উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় ২৮৭ কিলোমিটার দূরে হলেও ভারতের আসাম ও মণিপুর রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশের সিলেট জেলা ও এর আশপাশের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের ঝাঁকুনি অনুভূত হয়েছে।

ভূপৃষ্ঠের কম গভীরে হওয়ার কারণে উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় কম্পনের তীব্রতা বেশি ছিল। তবে এই ভূমিকম্পের ফলে বাংলাদেশ বা ভারতের সীমান্ত এলাকায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর ফেসবুকে অনেকেই এ নিয়ে পোস্ট দিয়েছেন। জানা গেছে, সিলেট, ময়মনসিংহ ও ঢাকার কিছু কিছু জায়গা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। 

এর আগে গত রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূকম্পনে কাঁপে সারা দেশ। এর কেন্দ্র স্থল ছিল ভুটানে।