১১ জুন ২০২৬, ২০:৫০

মার্কিন প্রযুক্তি বাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ: প্রবাসী তরুণদের প্রশিক্ষণের সুযোগ

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার নরক্রসে নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও আউটসোর্সিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার নরক্রসে গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান ‘জেডএইচবি সলিউশন’-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মার্কিন বাজারে প্রযুক্তিগত সেবা দেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি তরুণদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মবাজারে প্রবেশের সুযোগ তৈরিতেও প্রতিষ্ঠানটি কাজ করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

বৃহস্পতিবার (১১ জুন) আটলান্টায় আয়োজিত এক ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়, যেখানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, প্রযুক্তি পেশাজীবী ও কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে বিটোপিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মনির হোসেন বলেন, প্রযুক্তি ও আউটসোর্সিং খাতে বাংলাদেশিদের দক্ষতা বিশ্ববাজারে প্রতিনিয়ত গ্রহণযোগ্যতা পাচ্ছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এআই-ভিত্তিক সেবা, অনলাইন ব্র্যান্ডিং, গ্রাহকসেবা ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তিগত সমাধান নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

প্রযুক্তিনির্ভর বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশি তরুণদের বিশাল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সঠিক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের কাজের পরিবেশ পেলে তারা বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।

জেডএইচবি সলিউশনের প্রতিষ্ঠাতা ও সিইও প্রকৌশলী জহিরুল হক ভূঁইয়া জানান, নতুন এই অফিসের মাধ্যমে সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি সাপোর্ট, ক্লাউড সলিউশন, সাইবার সিকিউরিটিসহ নানা ডিজিটাল সেবা পরিচালিত হবে। এছাড়া প্রযুক্তি সেবার পাশাপাশি বীমা ও রিয়েল এস্টেট খাতেও সমন্বিত সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

অনুষ্ঠানে উপস্থিত জর্জিয়া অঙ্গরাজ্যের পাঁচবারের নির্বাচিত সিনেটর শেখ রহমানসহ অন্যান্য কমিউনিটি নেতারা এই উদ্যোগকে স্বাগত জানান। বক্তারা আশা প্রকাশ করেন, এই কার্যক্রম প্রযুক্তি খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াবে এবং যুক্তরাষ্ট্রের বাজারে দেশীয় দক্ষ জনশক্তির জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

আয়োজকরা জানান, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যেও কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের এবং প্রবাসী তরুণদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হবে।