মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপিত
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন স্থানে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে।
সকাল থেকেই রংপুর, দিনাজপুর, পটুয়াখালী, ভোলা ,সাতক্ষীরা, মুন্সীগঞ্জ, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে অনেকেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিয়েছেন।
রংপুর বিভাগের ৫ জেলা: রংপুর অঞ্চলের পাঁচ জেলা—লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার ১২০টি গ্রামের দুই লাখেরও বেশি মানুষ আজ ঈদ উদযাপন করছেন। সকাল ৯টার দিকে এসব গ্রামের ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এবার নীলফামারীতে ৩০টি, গাইবান্ধায় ২৮টি, কুড়িগ্রামে ২৫টি, রংপুরে ২২টি এবং লালমনিরহাটে ১৫টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী ও লালমনিরহাটের কালীগঞ্জের স্থানীয় বাসিন্দারা জানান, গত ১০-১৫ বছর ধরে তারা এই নিয়ম অনুসরণ করে আসছেন এবং এতে তারা মানসিক প্রশান্তি পান।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানান, নির্বিঘ্নে ঈদ উদযাপন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দিনাজপুর: দিনাজপুর সদরসহ চারটি উপজেলার বেশ কয়েকটি স্থানে আজ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ের একটি কমিউনিটি সেন্টারে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া বিরামপুর উপজেলার দুটি স্থানে ১৬টি গ্রামের মুসল্লি এবং চিরিরবন্দর ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের উত্তর কামারপাড়া এলাকায় একটি বাড়ির ছাদে ১১ জন মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এবং নামাজ শেষে তারা একটি ছাগল কোরবানি করেন।
ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার অন্তত তিনটি স্থানে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে। প্রতি বছর খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও এবার বৃষ্টির কারণে মুসল্লিরা মসজিদের ভেতরে নামাজ আদায় করেন। সকাল ৮টায় উপজেলার চাটকাবাড়িয়া, ভালকী ও নিত্যানন্দপুর গ্রামের মসজিদে এই জামাতগুলো অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার পাঁচটি গ্রামে জাহাঙ্গীর তরিকার প্রায় পাঁচ শতাধিক অনুসারী সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন।
সকাল থেকে প্রবল বর্ষণ ও দমকা হাওয়ার কারণে পূর্বনির্ধারিত সময় পরিবর্তন করে দেড় ঘণ্টা পর বেলা ১১টায় শিলই উত্তরকান্দি ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরার প্রায় ২৫টি গ্রামের মানুষ আজ ঈদুল আজহা উদযাপন করছেন। সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে নারীরাও অংশ নেন। ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়ুখালিসহ বিভিন্ন গ্রামের মুসল্লিরা নামাজ শেষে পশু কোরবানি দেন। স্থানীয়রা জানান, গত এক যুগ ধরে তারা এই রীতি মেনে চলছেন।
পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল, কলাপাড়া, গলাচিপা, দশমিনা ও সদর উপজেলার ২২টি গ্রামে আজ পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। সকাল ৮টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
বরগুনা: বরগুনার ১৬টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।
ভোলা: সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন ভোলার বিভিন্ন উপজেলার বিভিন্ন দরবারের প্রায় ১০ হাজার অনুসারী।
ঝালকাঠি : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন।
ফেনী: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ফেনীর পরশুরাম উপজেলায় আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২০ জন মুসল্লি অংশ নেন।
চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী এই মুসল্লিরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুই ঈদ ও রোজা পালন করে আসছেন। নামাজ শেষে তারা বিশেষ মোনাজাত ও পশু কোরবানি সম্পন্ন করেন।