ঈদযাত্রায় বিমানবন্দর স্টেশনে থামবে না ৯ ট্রেন
ঈদযাত্রায় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনের লক্ষ্যে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নয়টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (২৫ মে) থেকে ঈদের আগের দিন পর্যন্ত এটি কার্যকর থাকবে।
ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।
কর্মপরিকল্পনায় বলা হয়েছে, ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।
এতে বলা হয়, বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি, স্থানীয় পুলিশ ও র্যাবের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হবে।
এতে আরও বলা হয়, নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ছাড়া র্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে।