১৮ মে ২০২৬, ১০:০০

হেলমেট-চাপাতির রাজনীতি, সতর্কবার্তা দিলেন আসিফ

জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর  © ফাইল ছবি

বস্তি থেকে ভাড়া করা লোক এনে, চাপাবাজ নেতার চিৎকার-চেঁচামেচি দিয়ে আতঙ্ক তৈরির বিষয়ে সতর্ক করে দিয়ে জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, হেলমেট বাহিনী, চাপাতি বাহিনী দিয়ে শুধু কেলেঙ্কারির রেকর্ড হবে, রাজনীতিতে টিকে থাকা যাবে না। রবিবার (১৭ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন তিনি।

আসিফ আকবর লিখেছেন, ‘জুলাই বিপ্লব কখনোই একটি নির্দিষ্ট লক্ষ‍্য নয়, একটি সুনির্দিষ্ট নির্দেশনা। আমার দেখা শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরশাসক শেখ হাসিনার পতন কখনোই এত সহজ ছিল না। অনুশোচনাহীন ফ‍্যাসিস্টদের বিতাড়িত করতে দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহনই ছিল মূখ‍্য। বাংলাদেশের জেন-জি প্রজন্মের ছাত্র-ছাত্রীদের নেতৃত্বে বহু ত‍্যাগের বিনিময়ে সফল হয়েছে জুলাই বিপ্লব। স‍্যালুট শহীদ এবং আহত জুলাই যোদ্ধাগণ।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবকে পূর্ণতা দেয়া যায়নি নানামুখী দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে। তার মানে এই না জুলাই স্পিরিট মরে গেছে। বিভেদ বিভাজনের দেশে জুলাই সাময়িক পথ হারালেও তারুণ‍্যের মস্তিষ্কে শক্ত অবস্থান নিয়েছে দেশের প্রয়োজনে নিজেদের বিলিয়ে দেয়ার মানসিকতা।’

মান্ধাতা আমলের বস্তাপঁচা রাজনীতি ক্রমাগত হোঁচট খেতে থাকবে প্রজন্মের স্মার্টনেসের কাছে, এমন মন্তব্য করে জনপ্রিয় এ গায়ক বলেন, দরজায় নক করছে হাইপারসনিক জেনারেশন আলফা (Gen-Alpha), তাদের মুলা দেখিয়ে ক্ষমতার রাজনীতি আর হবে না। দলকানা হাইব্রিড চাটুকার অশিক্ষিত টোকাইদের নিয়ে দল ভারী করে মাস্তানতন্ত্রের মাধ‍্যমে ক্ষমতা টিকিয়ে রাখার দিন শেষ।’

আরও পড়ুন: এখনও শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু না হওয়ার কারণ জানালেন শিক্ষামন্ত্রী

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে প্রায় আট কোটি তরুণ-কিশোর-শিশুর মেন্টাল পালস্ বুঝতে হবে। এর ব‍্যত‍্যয় ঘটলেই পিছিয়ে পড়তে হবে জ‍্যামিতিক হারে। ভয় দেখিয়ে শাসন করার দিন শেষ, কোন বিদেশি জুজুর পদানত করে প্রজন্মকে আর ফাঁকি দেয়া সম্ভব না। তরুণরা রাজনীতিতে ঢুকে গেছে, তারা আরো আসবে দলে দলে। হালদায় যেভাবে ডিম ছাড়তে আসে মা মাছ, ঠিক সেভাবে তারা জন্ম নিবে পরিবর্তনের অমোঘ আকর্ষণে। 

আসিফ আকবর বলেন, ‘তাদের মিছিল মিটিংয়ে প্রতিদিনই সমাগম বাড়বে, তারা স্বেচ্ছায় আসবে। বস্তি থেকে ভাড়া করা লোক এনে, চাপাবাজ নেতার চিৎকার চেঁচামেচি দিয়ে আতঙ্ক তৈরি করে, হেলমেট বাহিনী, চাপাতি বাহিনী দিয়ে শুধু কেলেঙ্কারীর রেকর্ড হবে, রাজনীতিতে টিকে থাকা যাবে না। রাজনৈতিক দলগুলোর হোমওয়ার্ক বদলানোর শেষ সময় চলছে, সামনে অগ্নি পরীক্ষা, দেশের রাজনীতির আবহাওয়া আর আগের মনো নেই।’ পোস্টের শেষে স্বভাবসূলভ ভঙ্গি ‘ভালবাসা অবিরাম’ লিখেছেন তিনি।