১৭ মে ২০২৬, ০৯:২৭

আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস

উচ্চ রক্তচাপ দিবস  © টিডিসি সম্পাদিত

আজ ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। উচ্চ রক্তচাপ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত রক্তচাপ পরীক্ষা নিশ্চিত করা এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে মানুষকে সচেতন করাই দিবসটির মূল উদ্দেশ্য।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ অধিকাংশ ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে শরীরে এ রোগ বাসা বাঁধলেও তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। অথচ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ধীরে ধীরে হৃদযন্ত্র, মস্তিষ্ক, কিডনি ও চোখের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ।

উচ্চ রক্তচাপ সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৪ মে ২০০৫ সালে World Hypertension League (WHL) সর্বপ্রথম বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের সূচনা করে। পরবর্তীতে ২০০৬ সাল থেকে প্রতি বছর ১৭ মে দিনটি নিয়মিতভাবে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে রক্তচাপ পরীক্ষা, সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত লবণ গ্রহণ, শারীরিক পরিশ্রম কমে যাওয়া, ধূমপান, মানসিক চাপ ও অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে উচ্চ রক্তচাপের রোগী দিন দিন বাড়ছে। শুধু বয়স্ক নয়, তরুণদের মধ্যেও এ রোগের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করায় অনেকেই দীর্ঘদিন রোগটি সম্পর্কে জানতে পারেন না।

চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম, পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহণ, অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার পরিহার, ধূমপান ও মাদক থেকে দূরে থাকা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করলে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি ১৮ বছর বয়সের পর থেকে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্য সংস্থা ও সামাজিক সংগঠন বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা, সচেতনতামূলক আলোচনা সভা ও প্রচার কার্যক্রম পরিচালনা করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজভিত্তিক উদ্যোগও উচ্চ রক্তচাপ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে শেরপুরে National Heart Foundation of Bangladesh-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।