জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে বক্তারা স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জোরদারের উপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট সিভিল সার্জন ডা. আল মামুন। তিনি বলেন, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসেবা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। প্রতিরোধমূলক ব্যবস্থা, সময়মতো রোগ শনাক্তকরণ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যব্যবস্থাকে আরও বিজ্ঞাননির্ভর করে তুলতে হবে।
সিভিল সার্জন অফিস জয়পুরহাট আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতা করে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আপোশ।
আলোচনা সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জুবায়ের আল ফয়সালের সঞ্চালনায় বিশ্ব স্বাস্থ্য দিবস ও হাম রোগের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া উপস্থিত ছিলেন ডা. শহীদ হোসেন, (আরএমও- ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল), ডা. মো. সামছুজ্জোহা (শিশু বিভাগ-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল), চৈতী রায় (স্বাস্থ্য শিক্ষা অফিসার), মো. আরিফুল ইসলাম (ব্র্যাক জেলা সমন্বয়ক), মো. শাহিনুর ইসলাম (এলাকা ব্যবস্থাপক-ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি), মো. ফারুক আহমেদ (জেলা ব্যবস্থাপক-টিবি), মো. নাঈম ইসলাম (প্রোগ্রাম অফিসার-ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি) সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সবার জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসা ব্যবস্থার প্রতিটি স্তরে বৈজ্ঞানিক জ্ঞান, গবেষণা ও প্রযুক্তির সমন্বিত প্রয়োগ প্রয়োজন। একটি সুস্থ ও সুরক্ষিত সমাজ গড়ে তুলতে সরকার, স্বাস্থ্য বিভাগ এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।