১৯ মার্চ ২০২৬, ২০:১৩

ঈদকে ঝামেলামুক্ত করতে আগে থেকেই গুছিয়ে নিন যেসব কাজ

প্রতীকী ছবি   © সংগৃহীত

ঈদ মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দঘন ধর্মীয় উৎসবগুলোর একটি। এক মাস রোজা রাখার পর ঈদুল ফিতর আসে আনন্দ, কৃতজ্ঞতা ও মিলনের বার্তা নিয়ে। তবে ঈদের দিনটি যেন শান্তি ও স্বস্তির সঙ্গে উদযাপন করা যায়, সে জন্য আগেই কিছু গুরুত্বপূর্ণ কাজ গুছিয়ে রাখা প্রয়োজন। ধর্মীয় দিক থেকে যেমন কিছু প্রস্তুতি রয়েছে, তেমনি পারিবারিক ও সামাজিক কিছু বিষয়ও আগে থেকে সম্পন্ন করা উচিত।

সাদকাতুল ফিতর আদায়

ঈদের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হলো সাদকাতুল ফিতর আদায় করা। ইসলামে ঈদের নামাজের আগে এটি আদায় করা ওয়াজিব।
হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) সাদকাতুল ফিতর ফরজ করেছেন, যাতে রোজাদারের অনর্থক কথা ও গোনাহ থেকে পবিত্রতা অর্জন হয় এবং গরিব-মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা হয়। (সুনানে আবু দাউদ, হাদিস: ১৬০৯) তাই ঈদের নামাজের আগে ফিতরা গরিবদের কাছে পৌঁছে দেওয়া উত্তম।

ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা

ঈদ মানেই নতুন আনন্দের সূচনা। তাই ঈদের আগে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা অনেকেই গুরুত্বপূর্ণ মনে করেন। এতে ঈদের দিন অতিথি আপ্যায়ন এবং পারিবারিক আয়োজন স্বাচ্ছন্দ্যের সঙ্গে করা যায়।

বাজার ও কেনাকাটা শেষ করা

ঈদের বাজার যেমন সেমাই, চিনি, মশলা, সুগন্ধি চাল, ঘি, তেল ইত্যাদি প্রয়োজনীয় জিনিস এর একটি তালিকা করে আগে থেকেই বাজার করে রাখুন। ঈদের বাকি আর মাত্র কয়দিন, তাই সময় বাঁচাতে এখনই করে ফেলুন ঈদের বাজার।

ঈদের পোশাক প্রস্তুত রাখা

ঈদের দিন পরিষ্কার ও সুন্দর পোশাক পরা সুন্নত। তাই আগেই নিজের এবং পরিবারের সদস্যদের পোশাক প্রস্তুত করে রাখা ভালো। এতে ঈদের সকালে অযথা তাড়াহুড়া কমে যায়।

আত্মীয়-স্বজনের খোঁজখবর নেওয়া

ঈদ মিলন ও সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাই ঈদের আগেই আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করা বা খোঁজখবর নেওয়া ভালো। এতে ঈদের আনন্দ আরও বাড়ে।

আপ্যায়নের ব্যবস্থা

ঈদের দিন মানেই অতিথি আপ্যায়ন। উৎসবের অংশ হিসেবে আত্মীয়দের বাড়ি যাওয়ার একটা প্রচলন রয়েছে। বাড়িতে অতিথি এলে তাদের আপ্যায়ন তো করতে হবে। তার জন্য প্রস্তুত রাখতে হবে ভালো ভালো খাবারের ব্যবস্থা। তাই কিছু খাবার আগের দিনই তৈরি করে রাখুন। যেমন কেক, ফিরনি, পায়েস, পুডিং, সেমাই ইত্যাদি আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। এতে আপনার কাজের চাপ অনেকটাই কমে যাবে।

ঈদের নামাজের প্রস্তুতি

ঈদের দিন সকালে ঈদের নামাজ আদায় করা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত। তাই আগেই নামাজের স্থান, সময় এবং সেখানে যাওয়ার প্রস্তুতি গুছিয়ে রাখা উচিত। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ঈদের দিন গোসল করতেন, সুন্দর পোশাক পরতেন এবং ঈদের নামাজ আদায়ের জন্য ময়দানে যেতেন। (ইবনে মাজাহ)

পরিবার ও শিশুদের জন্য প্রস্তুতি

ঈদ শিশুদের জন্য বিশেষ আনন্দের দিন। তাই তাদের জন্য ছোটখাটো আয়োজন, উপহার বা ঈদি প্রস্তুত রাখা যেতে পারে। এতে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হয়।