১৮ মার্চ ২০২৬, ১৬:৫৩

ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে  © টিডিসি

ঈদে ঘরমুখী যাত্রী নিয়ে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বহু যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। আহতদের অনেককে চিকিৎসার জন্য নওগাঁ জেলা সদর হাসপাতাল ও বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার (১৮ মার্চ) বিকাল পৌনে ৩টার দিকে ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে নীলফামারীর চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসে।

প্রতক্ষদর্শীরা জানান, ট্রেনের ছাদে থাকা লোকজন পড়ে গিয়ে বেশি হতাহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রেনের যাত্রী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেলওয়ে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও আদমদিঘি থানা পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৬-৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের কাজ চলছে।

বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ট্রেন লাইনচ্যুতির ঘটনায় রেলওয়ে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও আদমদিঘি থানা পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। সবার আগে উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত ৫০ জনের মতো আহত উদ্ধার করা হয়েছে। কেউ নিহত নেই। তবে আহত আরও বাড়তে পারে।

দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কমলাপুর স্টেশন থেকে উত্তরাঞ্চলের দিকে ছেড়ে যাওয়া বেশ কয়েকটি ট্রেন চাটমোহর, উল্লাপাড়া, যমুনা সেতু পূর্ব ও পশ্চিম, আব্দুলপুর ও ঈশ্বরদী বাইপাস স্টেশনে দাঁড়িয়ে আছে। এতে ঈদের ছুটিতে ঘরমুখী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। 

সৈয়দপুর রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ আক্তার বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। লাইনচ্যুত বগিগুলো সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তারপরও মোটামুটি সন্ধ্যার আগে সম্ভব নয় বলে ধারণা করছে পুলিশ।