১৬ মার্চ ২০২৬, ০৭:৫৫

ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলবে ২৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট

ট্রেনের টিকিট  © ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন আজ সোমবার (১৬ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ২৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করছে সংস্থাটি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে গত ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ এবং ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ বিক্রি করা হয়েছে। এছাড়া ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।

এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। যাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। এছাড়া ঈদযাত্রার কোনো টিকিট ফেরত বা রিফান্ড করা হবে না।