এখন টিভির ৪ সাংবাদিককে শোকজের ঘটনায় বিএইচআরএফের উদ্বেগ
বেসরকারি সংবাদমাধ্যম এখন টেলিভিশনের ৪ জ্যেষ্ঠ সাংবাদিককে শোকজ ও অফিসে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে স্বাস্থ্য বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। দ্রুত ও স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে এ সংকটের সমাধানের দাবিও জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সংগঠনটি দপ্তর সম্পাদক তানভীরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
এর আগে গত মঙ্গলবার এখন টেলিভিশনের চার জ্যেষ্ঠ সাংবাদিককে শোকজ করে প্রতিষ্ঠানটি। ওই চার সাংবাদিক হলেন মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, আজহার লিমন ও বেলায়েত হোসেন। এর মধ্যে মুজাহিদ শুভ বিএইচআরএফের সাধারণ সম্পাদক।
বিবৃতিতে বলা হয়, বিএইচআরএফ গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছে যে, এখন টেলিভিশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির বিশেষ প্রতিবেদক ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভসহ চারজন সাংবাদিকের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে তাদের সাময়িকভাবে নিউজরুমে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নিরাপত্তাকর্মীদের মাধ্যমে প্রবেশাধিকার রুদ্ধ করার ঘটনাটি পেশাগত মর্যাদা ও ন্যায্য প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
বিএইচআরএফ মনে করে, যেকোনো শৃঙ্খলামূলক ব্যবস্থা স্বচ্ছ নীতিমালা, লিখিত অভিযোগ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং আইনসম্মত প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত। বিএইচআরএফ অবিলম্বে স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে এই সংকট সমাধানের দবি জানাচ্ছে।
এতে আরও বলা হয়, গণমাধ্যমে ভীতির পরিবেশ নয়, স্বাধীন ও পেশাদার কর্মপরিবেশই কাম্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত দায়িত্বশীল পদক্ষেপ নেবে এটাই আমাদের প্রত্যাশা।