১৩ নভেম্বর ২০২৬, ১১:৩২

১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ নিয়ে শুরু হচ্ছে ইনোভেশন অলিম্পিয়াড

১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগসহ নিয়ে শুরু হচ্ছে ইনোভেশন অলিম্পিয়াড  © সংগৃহীত

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগকে উৎসাহিত করতে শুরু হচ্ছে ‘ইনোভেশন অলিম্পিয়াড’। ‘Bangla Innovator’ এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় থাকছে ১০ লাখ টাকার প্রাইজ পুল, ল্যাপটপ, ন্যাশনাল ট্যুর এবং আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ। পাশাপাশি প্রতিযোগীদের জন্য থাকছে ক্যাশ রিওয়ার্ড, বিনিয়োগের সম্ভাবনা এবং ক্যারিয়ার বিকাশের নানা সুযোগ। প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে- শিক্ষা, শিক্ষাঙ্গণ এবং তারুণ্যের তথ্যে গল্পে সাজানো পূর্ণাঙ্গ সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস।

আয়োজকরা তাদের লক্ষ্য সম্পর্কে বলেন, শুধু প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচন নয়; বরং শিক্ষার্থীদের নতুন কিছু ভাবতে, বাস্তব সমস্যার উদ্ভাবনী সমাধান তৈরি করতে এবং নিজেদের মেধা ও সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি করা। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের ধারণা উপস্থাপন, নতুন দক্ষতা অর্জন, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ ক্যারিয়ার ও উদ্যোক্তা জীবনের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘স্টার্টআপ, বিজনেস আইডিয়া অ্যান্ড প্রজেক্ট শোকেস’ সেগমেন্ট। এতে অংশগ্রহণকারীরা নিজেদের স্টার্টআপ আইডিয়া, ব্যবসায়িক পরিকল্পনা কিংবা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের সুযোগ পাবেন। সম্ভাবনাময় ধারণা ও প্রকল্পকে এগিয়ে নিতে থাকছে টিমভিত্তিক নগদ পুরস্কার এবং নির্বাচিত উদ্যোগের জন্য সম্ভাব্য বিনিয়োগের সুযোগ।

বিশেষ এ সেগমেন্টে একজন থেকে সর্বোচ্চ তিনজন সদস্য নিয়ে দল গঠন করে অংশ নেওয়া যাবে। অর্থাৎ, আগ্রহীরা এককভাবে অথবা সর্বোচ্চ তিন সদস্যের দল নিয়ে নিজেদের উদ্যোগ ও প্রকল্প উপস্থাপন করতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের জন্য এবারের আয়োজনে আর্থিক পুরস্কারের পাশাপাশি প্রযুক্তিগত উপহার, ন্যাশনাল ট্যুর, আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সম্ভাবনা এবং বিনিয়োগকারীদের সামনে নিজেদের উদ্যোগ তুলে ধরার সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া উদ্ভাবন ও উদ্যোক্তাবিষয়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও পাবেন অংশগ্রহণকারীরা।

ইনোভেশন অলিম্পিয়াড ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে নিয়মিত ৪০০ টাকা। তবে আর্লি বার্ড রেজিস্ট্রেশনে ফি ১৯৯ টাকা। অন্যদিকে, স্টার্টআপ, বিজনেস আইডিয়া অ্যান্ড প্রজেক্ট শোকেস সেগমেন্টে টিম রেজিস্ট্রেশনের নিয়মিত ফি ২ হাজার টাকা এবং আর্লি বার্ড ফি ১ হাজার ৪৯৯ টাকা।

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে ‘https://banglainnovator.com/competitions/innovation-olympiad’ এই ওয়েবসাইট থেকে নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধনের শেষ সময় আগামী ৩১ ডিসেম্বর।

আয়োজক প্রতিষ্ঠান Bangla Innovator এর দাবি, নতুন ধারণা, সৃজনশীল চিন্তা, প্রযুক্তিনির্ভর সমাধান ও সম্ভাবনাময় উদ্যোগকে বাস্তবায়নের পথে এগিয়ে নিতে ইনোভেশন অলিম্পিয়াড দেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।