আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদেশের ৯ সদস্যের দল
রাশিয়ার সোচি অঞ্চলের সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াড (MY-GEO) ২০২৬। আগামী ২৪ থেকে ৩১ অক্টোবর আয়োজিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছয় শিক্ষার্থী ও তিন দলনেতার সমন্বয়ে নয় সদস্যের একটি দল।
ব্রিকস জোটভুক্ত দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশ নেবেন। ভূগোলের বিভিন্ন শাখায় শিক্ষার্থীদের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ, মানচিত্র ও ভৌগোলিক তথ্যের ব্যবহার এবং পরিবেশ ও উন্নয়নসংক্রান্ত সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হবে।
গত ১০ অক্টোবর জিরো কম্পিটিশনস লিমিটেডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত টিম সিলেকশন টেস্টের (টিএসটি) মাধ্যমে প্রতিযোগীদের নির্বাচন করা হয়েছে। পরীক্ষায় ভূগোলবিষয়ক জ্ঞান, যুক্তিনির্ভর বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের দক্ষতা মূল্যায়ন করা হয়।
বাংলাদেশ দলে যারা থাকছেন
বাংলাদেশ দলের ছয় প্রতিযোগী হলেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের মিনহাজুল ইসলাম তাহমিদ, সরকারি বিজ্ঞান কলেজের শাহরিয়ার নূর, রাজশাহীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের মো. তাওসিকুল ইসলাম, নেত্রকোনা সরকারি কলেজের আরিফা আতিক মীম ও সাইমা সুলতানা এবং নটর ডেম কলেজের তানভীর সাদাত।
দলনেতা হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. আইমান মাহমুদ ও তাসিন মোহাম্মাদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফেরদৌস আহমেদ। এছাড়া দলের পর্যবেক্ষক হিসেবে থাকছেন ব্র্যাক ইউনিভার্সিটির আহনাফ তাহমিদ উদ্দিন।
বাংলাদেশ দলের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সমন্বয় করছে জিরো কম্পিটিশনস লিমিটেড ও সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক (SLSN)। এ কার্যক্রমে সহযোগিতা করেছে রাশিয়ান হাউস ও ঢাকা বিশ্ববিদ্যালয়।
শুধু লিখিত পরীক্ষা নয়, থাকছে মাঠপর্যায়ের কাজও
MY-GEO ২০২৬-এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিনটি প্রধান পর্বে। এগুলো হলো তাত্ত্বিক, মাল্টিমিডিয়া ও ব্যবহারিক পর্ব। তাত্ত্বিক পর্বে ভৌত ভূগোল, মানব ও অর্থনৈতিক ভূগোল, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং আঞ্চলিক উন্নয়নসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও সমস্যা সমাধান করতে হবে। এখানে শুধু তথ্য মনে রাখার চেয়ে সেই তথ্য ব্যবহার করে যুক্তিসংগত ব্যাখ্যা ও সমাধান দেওয়ার দক্ষতা গুরুত্বপূর্ণ হবে।
মাল্টিমিডিয়া পর্বে প্রতিযোগীদের মানচিত্র, স্যাটেলাইট চিত্র, পরিসংখ্যান ও অন্যান্য ভৌগোলিক তথ্য বিশ্লেষণ করতে হবে। এসব তথ্যের মাধ্যমে কোনো অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য, মানুষের কর্মকাণ্ড কিংবা পরিবেশগত পরিবর্তন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা যাচাই করা হবে।
ব্যবহারিক পর্বে প্রতিযোগীরা সিরিয়াস ও কৃষ্ণসাগর উপকূলের আশপাশে মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের কাজে অংশ নেবেন। সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে মানচিত্র তৈরি এবং সংশ্লিষ্ট অঞ্চলের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান প্রস্তাব করতে হবে।
প্রতিযোগিতার কার্যক্রম ইংরেজি ভাষায় পরিচালিত হবে। ব্যক্তিগত পরীক্ষার পাশাপাশি দলগতভাবে কাজ করার দক্ষতাও এ আয়োজনে গুরুত্বপূর্ণ।
প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষামূলক আয়োজন
আন্তর্জাতিক অলিম্পিয়াডটির ভেন্যু রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরি। কৃষ্ণসাগরের উপকূল ও ককেশাস পর্বতমালার কাছাকাছি অবস্থিত অঞ্চলটি শিক্ষা, বিজ্ঞান ও গবেষণাভিত্তিক নানা কার্যক্রমের জন্য পরিচিত। এখানেই রয়েছে সিরিয়াস এডুকেশনাল সেন্টার ও সিরিয়াস বিশ্ববিদ্যালয়।
প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ভূতথ্যব্যবস্থা (জিআইএস), রিমোট সেন্সিং, পরিবেশ সংরক্ষণ ও আঞ্চলিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কর্মশালা, বক্তৃতা এবং শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন থাকবে। বিভিন্ন দেশের শিক্ষার্থী ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগও পাবেন অংশগ্রহণকারীরা।
আয়োজকদের ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও যোগ্য দলনেতাদের আবাসন এবং খাবারের ব্যবস্থা থাকবে। তবে আন্তর্জাতিক যাতায়াতের ব্যয় বহন করতে হবে প্রেরণকারী পক্ষকে।
প্রতিবছর আয়োজিত হবে বাংলাদেশ জিওগ্রাফি অলিম্পিয়াড
বাংলাদেশে ভূগোল ও ভূতত্ত্ববিষয়ক অলিম্পিয়াডকে আরও নিয়মিত ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এখন থেকে প্রতিবছর বাংলাদেশ জিওগ্রাফি অলিম্পিয়াড (BGeO) আয়োজন করা হবে। এই আয়োজনের মাধ্যমে দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভূগোল, ভূতত্ত্ব ও সংশ্লিষ্ট পৃথিবীবিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ জিওগ্রাফি অলিম্পিয়াডের ভবিষ্যৎ আয়োজন, নিবন্ধন ও অন্যান্য তথ্য জানা যাবে এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে। পাশাপাশি জিরো কম্পিটিশনস ও SLSN-এর যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
আন্তর্জাতিক অভিজ্ঞতার সুযোগ
এবারের MY-GEO-তে অংশগ্রহণ বাংলাদেশের নির্বাচিত শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে ভূগোলের জ্ঞান ও দক্ষতা যাচাইয়ের একটি সুযোগ। বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে একই ধরনের সমস্যার সমাধান করতে গিয়ে তাদের নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হবে। বিশেষ করে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, ভৌগোলিক তথ্য বিশ্লেষণ এবং বাস্তব সমস্যা নিয়ে কাজ করার অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ পড়াশোনা ও গবেষণায় কাজে আসতে পারে। বাংলাদেশের নয় সদস্যের দলটি আগামী ২৪ অক্টোবর শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।