২০ নভেম্বর ২০২৬, ২২:৪০

শুভ জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমান: ইতিহাসের অভিজ্ঞতা হোক আগামীর প্রজ্ঞা

আব্দুল্লাহ আল নোমান  © টিডিসি সম্পাদিত

হেমন্তের সোনালি বিকেল যখন ধীরে ধীরে শীতের আগমনী বার্তা নিয়ে আসে, মাঠের ধান পাকে, বাতাসে মিশে থাকে নতুন ফসলের ঘ্রাণ—প্রকৃতিও যেন এক নীরব উৎসবের আয়োজন করে। ঋতুর এই সন্ধিক্ষণে ২০ নভেম্বর ফিরে আসে একটি বিশেষ দিন, যে দিনটি জড়িয়ে আছে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ইতিহাসের এক পরিচিত নামের সঙ্গে। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রনায়ক। 

রাজনীতির পথ কখনো ঋতুর মতো কোমল নয়। সেখানে থাকে সময়ের পরীক্ষা, প্রতিকূলতার দীর্ঘ ছায়া, অপেক্ষা এবং প্রত্যাশার ভার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক উত্তরাধিকার, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং বিএনপির সাংগঠনিক পরিমণ্ডলে বেড়ে ওঠা আপনার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়।

দীর্ঘ পথপরিক্রমা পেরিয়ে আজ আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। এই দায়িত্ব কেবল একটি পদমর্যাদা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে কোটি মানুষের স্বপ্ন, নাগরিকের অধিকার এবং একটি দেশের আগামীর গতিপথ।

হেমন্ত যেমন নতুন ফসলের সম্ভাবনা নিয়ে আসে, তেমনি প্রতিটি নতুন সময়ও মানুষের মনে নতুন প্রত্যাশার জন্ম দেয়। দেশের মানুষ প্রত্যাশা করে—গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, আইনের শাসনের সুদৃঢ় ভিত্তি, রাজনৈতিক সহনশীলতা, অর্থনৈতিক স্বস্তি এবং সবার জন্য মর্যাদাপূর্ণ জীবন।

বিএনপি, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের প্রত্যাশা দীর্ঘ ১৭ বছর ধরে শত প্রতিকূলতার মধ্যে হামলা-মামলা ,গুম ও অমানবিক নির্যাতন সহ্য করা পরিক্ষীত ব্যাক্তিদের মূল্যায়নের মাধ্যেম দলের আদর্শ ও সাংগঠনিক শক্তি আরও সুসংহত করবেন। একই সঙ্গে জাতীয় রাজনীতিতে সহনশীলতা, গণতান্ত্রিক সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধা এবং জনকল্যাণের চর্চা আরও বিস্তৃত করবেন। কারণ শেষ পর্যন্ত রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় কোনো পদ বা ক্ষমতা নয়; মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার দায়বদ্ধতা।

রাজনীতির প্রকৃত সৌন্দর্য প্রতিপক্ষকে পরাজিত করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ভিন্নমতকে সম্মান করা, মানুষের অধিকার রক্ষা করা এবং রাষ্ট্রকে সবার জন্য বাসযোগ্য করে তোলার মধ্যেই তার সার্থকতা।

জন্মদিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা- আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ পরিচালনার তাওফিক দান করেন। আপনার পথচলায় দেশের মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হোক।

শুভ জন্মদিন, প্রধানমন্ত্রী তারেক রহমান। হেমন্তের সোনালি ফসলের মতোই মানুষের প্রত্যাশা পূর্ণতা পাক। সময়ের কাছে নেতৃত্বের পরিচয় হোক কর্মে, ইতিহাসের পাতায় মূল্যায়ন হোক অবদানে, আর প্রতিটি রাজনৈতিক স্বপ্নের শেষ ঠিকানা হয়ে উঠুক বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ।

লেখক: সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়