এআই-কৃত্রিম বুদ্ধিমত্তা: শিক্ষা ও গবেষণায় নব দিগন্ত
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কী?
কম্পিউটার যখন নিজে থেকে ‘চিন্তা’ করতে শেখে, নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সিদ্ধান্ত নেয়— আর সেই সিদ্ধান্ত মানুষের সিদ্ধান্তের মতো বাস্তবসম্মত ও কার্যকর হয়, তখন সেই প্রযুক্তিকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। সহজ ভাষায়, এটি মেশিনের মস্তিষ্ক, যা উপাত্ত/ডেটা থেকে শেখে, প্যাটার্ন চিনতে এবং পূর্বানুমান করতে পারে। প্রযুক্তিবিদগণ এআই–কে সংজ্ঞায়িত করতে গিয়ে বিভিন্ন মত ব্যক্ত করেছেন। যেমন বেল্ম্যান বলেছেন- ‘মানুষের মতো চিন্তা করে মস্তিষ্কের কার্যকলাপ বুঝে সেটি কম্পিউটারে অনুকরণ করা’। [“The automation of activities that we associate with human thinking, activities such as decision-making, problem solving, learning..]." — Bellman (1978)। উইন্সটন বলেছেন, ‘ যুক্তিসঙ্গতভাবে চিন্তা করা গাণিতিক নিয়ম ও যুক্তি ব্যবহার করে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো। ["The study of the computations that make it possible to perceive, reason, and act."] — Winston (1992)।
বিখ্যাত প্রযুক্তিবিদ কুর্যওয়েল বলেছেন একটু ভিন্ন কথা। তার ভাষায়, ‘ মানুষের মতো আচরণ করা ট্যুরিং পরীক্ষার আদলে বুদ্ধিমত্তার আচরণগত দিকটিকে প্রাধান্য দেওয়া’। {"The art of creating machines that perform functions that require intelligence when performed by people."} — Kurzweil (1990) । ইঞ্জিনিয়ার পুল ও অন্যান্যরা বলেছেন ‘যুক্তিসঙ্গতভাবে আচরণ করা একটি "বুদ্ধিমান সত্ত্বা" (Intelligent Agent) হিসেবে পরিবেশ উপলব্ধি করে সফলতা অর্জন’। "Computational Intelligence is the study of the design of intelligent agents."] — Poole et al. (1998)। উপরোল্লিখিত সংজ্ঞাগুলো লক্ষ্য করলে বুঝা যায়, প্রযুক্তিবিদগণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রধানত চারটি পদ্ধতিতে সংজ্ঞায়িত করেছেন, যা দুটি প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে গঠিত: ১। "মানুষের চিন্তার অনুকরণ নাকি যুক্তিসঙ্গত আচরণ?" এবং ২। "চিন্তা প্রক্রিয়া নাকি চূড়ান্ত আচরণ?"।
প্রথম শ্রেণির সংজ্ঞাগুলোর প্রতিপাদ্য হলো মানুষের মতো জ্ঞান বিজ্ঞানের উপর ভিত্তি করে প্রণীত, যেখানে সাফল্যের মাপকাঠি হলো মানুষের আচরণের সাথে সামঞ্জস্য বিধান করা। অন্যদিকে, দ্বিতীয় শ্রেণির সংজ্ঞাগুলো গণিত ও প্রকৌশলের উপর ভিত্তি (যুক্তিসংগতভাবে) করে এবং একটি "সঠিক" বা সর্বোত্তম সমাধান বের করাকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। অন্যদিকে "মানুষের মতো চিন্তা" পদ্ধতি অভ্যন্তরীণ চিন্তা প্রক্রিয়ার অনুকরণ ফোকাস করে, যেখানে "মানুষের মতো আচরণ" পদ্ধতি কেবল চূড়ান্ত ফলাফল দেখে—মেশিনটি যদি মানুষের থেকে আলাদা পদ্ধতিতেও সমস্যার সমাধান করে, তবুও তাকে বুদ্ধিমান বলে গণ্য করা হয়।
এই চারটি পদ্ধতির বাইরেও আধুনিক সংজ্ঞাগুলোতে আরও মাত্রা যোগ করা হয়েছে, যেমন সামাজিক-প্রযুক্তিগত পদ্ধতি (যা AI-কে মানুষের উদ্দেশ্য ও প্রেক্ষাপটের সাথে যুক্ত করে) ।
এআই-এর আবিষ্কার ও বিবর্তন
কৃত্রিম বুদ্ধিমত্তার গল্প শুরু হয়েছিল কল্পবিজ্ঞান ও গণিতের মেলবন্ধনে। ১৯৫০ সালে গণিতজ্ঞ অ্যালান টুরিং জিজ্ঞেস করেছিলেন, "মেশিন কি চিন্তা করতে পারে?" এবং ‘টুরিং টেস্ট’-এর ধারণা দেন—যেখানে কোনো মেশিন যদি একজন মানুষকে বোঝাতে পারে যে তিনিও মানুষ, তাহলে সেই মেশিন বুদ্ধিমান।
১৯৫৬: এআই শুরুর বছর
আমেরিকার ডার্টমাউথ কলেজে এক কর্মশালায় জন ম্যাকার্থি প্রথম ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শব্দটি ব্যবহার করেন। সেখান থেকেই এআই-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
১৯৭০ - ৮০: প্রথম শীতকাল
প্রাথমিক উত্তেজনার পর কম্পিউটারের সীমাবদ্ধতা ও অর্থসংকটে এআই গবেষণা স্তব্ধ হয়ে যায়। তখন কেউ বিশ্বাস করতেন না যে মেশিন সত্যিই ‘বুদ্ধি’ কাজে লাগাতে পারে।
১৯৯০ - ২০১০: জাগরণ
শক্তিশালী কম্পিউটার, ইন্টারনেট ও প্রচুর তথ্যের জোগান এআইকে পুনর্জীবিত করে। ১৯৯৭ সালে আইবিএম-এর ‘ডিপ ব্লু’ দাবা চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে হারিয়ে বিশ্ব চমকে দেয়। ২০১১ সালে আইবিএম-এর ‘ওয়াটসন’ টেলিভিশন কুইজ শো ‘জিওপার্ডি!’ -এ মানুষের চেয়ে ভালো উত্তর দেয়।
২০১২ - বর্তমান বিপ্লব
ডিপ লার্নিং আবিষ্কারের পর এআই ছবি চেনা, কণ্ঠস্বর বোঝা ও ভাষায় অনুবাদে অভাবনীয় সাফল্য পায়। ২০১৬-তে গুগলের ‘আলফাগো’ চীনের গো-খেলার বিশ্বচ্যাম্পিয়ন লি সেডলকে হারায়—যে খেলায় সম্ভাব্য অবস্থান সংখ্যা মহাবিশ্বের পরমাণুর চেয়েও বেশি। আর ২০২২ সালে চ্যাটজিপিটি আসে সব মানুষের হাতের মুঠোয়। হঠাৎ করে লিখতে, আঁকতে, কোড করতে এআই সবার সহায়ক হয়ে ওঠে।
বাংলাদেশ ও ভারতে
এখন ঢাকা, কলকাতা, মুম্বাইয়ের স্টার্টআপ কোম্পানিগুলো স্থানীয় ভাষায় (বাংলা, হিন্দি) এআই চ্যাটবট ও কৃষি-স্বাস্থ্য সহায়ক কন্টেন্ট/ভিডিও তৈরি করছে। এআই আর শুধু বিদেশি গবেষণাগারে সীমাবদ্ধ নেই, এটি এখন আমাদের মোবাইল ফোনের ক্যামেরা ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর রূপ ধারন করেছে।
এআই –এর কর্মপরিধি
১. সংকীর্ণ এআই (Narrow AI): এটি নির্দিষ্ট একটি কাজে দক্ষ। যেমন—ফেসবুকের ছবি চেনা, গুগল ম্যাপে ট্রাফিক বোঝা, সিরি বা অ্যালেক্সার কণ্ঠস্বর চেনা। এই এআই আজ আমাদের হাতের মোবাইল থেকে শুরু করে ব্যাংক, হাসপাতাল সবখানে কাজ করছে।
২. সাধারণ এআই (General AI): এটি এখনো কল্পবিজ্ঞানের বিষয়। এমন এআই যেকোনো মানসিক কাজ করতে পারে—গণিত, কবিতা, আবেগ বোঝা, ফুটবল খেলার কৌশল বের করা—যেমনটি একজন মানুষ পারে।
৩. সুপার এআই (Super AI): এটি মানুষের চেয়েও বুদ্ধিমান, সৃজনশীল ও শক্তিশালী। বিজ্ঞানীদের মতে, এটি তৈরি হলে মানবসভ্যতার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। বর্তমানে এটি শুধু তত্ত্ব।
এ ছাড়াও মেশিন লার্নিং এআই নিজে নিজে তথ্য থেকে শেখে, এবং ডিপ লার্নিং এআই মানুষের মস্তিষ্কের নিউরনের অনুকরণে গভীর স্তরের চিন্তা পরিগ্রহ করে।
ইন্টারনেটে AI টুলস মূলত দুই ধরনের: অনলাইন সার্ভিস (যা ব্রাউজার বা অ্যাপ দিয়ে ব্যবহার করেন) এবং লোকাল সফটওয়্যার (যা নিজের কম্পিউটারে ইন্সটল করে চালানো যায়)।
একজন সাধারণ ব্যবহারকারীর জন্য অনলাইন টুলস বা মোবাইল অ্যাপ দিয়ে শুরু করাই সবচেয়ে সহজ ও নিরাপদ।
এআই টুলস ও ইন্সটল পদ্ধতি
ChatGPT সাধারণ চ্যাট, লেখা, কোডিং, আইডিয়া জেনারেট সীমিত আকারে স্মার্টফোনে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যায় ( chat.openai.com)।
Google Gemini গুগল সার্ভিসের সাথে যুক্ত (জিমেইল, ডক্স), মাল্টিমোডাল মোবাইল ও পি সি তে ডাউনলোড কারা যায় (emini.google.com )।
DeepSeek জটিল গাণিতিক ও লজিক্যাল প্রশ্নে ভালো, সম্পূর্ণ ফ্রি। মোবাইল ও পি সি তে অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা যায় ( chat.deepseek.com)।
Microsoft Copilot মাইক্রোসফট অ্যাপস (ওয়ার্ড, এক্সেল) এর সাথে ইন্টিগ্রেটেড মোবাইল ও কম্পিউটারে Bing অ্যাপ বা ওয়েবসাইটে অ্যাক্সেস পাওয়া যায়।
Perplexity AI যেকোনো প্রশ্নের উত্তর সোর্স সহ (citation) দেখায়, রিসার্চের জন্য ভালো। মোবাইল ও পি সি তে অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা যায় ( perplexity.ai)।
এ ছাড়া কন্টেন্ট ডেভেলপার ও টেক-বিশেষজ্ঞগণ নিজের কম্পিউটারের সম্পূর্ণ ক্ষমতা কাজে লাগিয়ে, ইন্টারনেট ছাড়াই বা সম্পূর্ণ প্রাইভেসি বজায় রেখে AI চালানোর জন্যে নিন্মোল্লিখিত টুলসগুলো ব্যবহার করতে পারেনঃ
১। লেমোনেড (Lemonade): নিজস্ব কম্পিউটারের জিপিইউ বা এনপিইউ ব্যবহার করে লোকাল AI মডেল ইন্সটল করার পর স্বীয় ডিভাইসেই AI চালানো যেতে পারে।
২। ওক্টোমিল (Octomil): একটি কমান্ড লাইন টুল যা দিয়ে খুব সহজেই নিজের ল্যাপটপ বা ফোনে ওপেন-সোর্স AI মডেল চালানো যায়; এবং
৩। পালমিয়ার (Palmier): এটি একটি ব্যাকগ্রাউন্ড ডেমো যা ব্যক্তগত কম্পিউটারে AI এজেন্ট চালাতে পারে এবং সেটিকে স্বীয় ফোনের নোটিফিকেশন, এসএমএস, ইত্যাদির সাথে সংযুক্ত করার সুযোগ থাকে।
আগেই বলা হয়েছে, এই টুলগুলো কন্টেন্ট ডেভেলপার বা টেক-এক্সপার্টদের জন্য তৈরি। এগুলো ইন্সটল করতে গেলে কমান্ড লাইন ব্যবহার করতে হতে পারে পারে।
মনে রাখা দরকার যে,
- এ সকল টুলস সবসময় গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর বা টুলটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করা উচিৎ।
- টুলস ব্যবহারের আগে প্রাইভেসি ইন্সটল করার পর সেটিংসে গিয়ে "ডাটা কালেকশন" বা "মডেল ট্রেনিং" সম্পর্কিত অপশন চেক করে প্রাইভেসি সেটিং নিশ্চিত করে যতটুকু সম্ভব নিজের ডাটা শেয়ার করা বন্ধ রাখতে হবে; এবং
- অ্যাপটি কেন আপনার ক্যামেরা, মাইক্রোফোন বা কন্ট্যাক্ট অ্যাক্সেস করতে চাচ্ছে, তা খেয়াল করা দরকার। প্রয়োজন ছাড়া এসব পারমিশন না দেয়াই ভালো।
ব্যবহারের ক্ষেত্র
এমন কোন দিক বা বিভাগ নেই যেখানে এআই প্রবেশ করতে পারে না। আধুনিক প্রযুক্তিবিদ ও গবেষণাপত্র অনুসারে কৃত্রিম বুদ্ধিমত্তার আলোচনার পরিধি মূলত তিন স্তরে বিভক্ত: যেমন -
১. মৌলিক তত্ত্ব ও পদ্ধতি। এআই -এর ভিত্তি হলো গণিত, যুক্তি ও পরিসংখ্যান:
২. প্রযুক্তিগত পদ্ধতি ও মডেল। নিবিঢ় শিক্ষা ও নিউরাল নেটওয়ার্ক: চিত্র ও ভাষা প্রক্রিয়াকরণের মূল চালিকাশক্তি।· জেনারেটিভ এআই ও এলএলএম: টেক্সট, ইমেজ তৈরি এবং বৃহৎ ভাষার মডেল নিয়ে আলোচনা রিইনফোর্সমেন্ট লার্নিং: ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে এজেন্ট প্রশিক্ষণ , এবং
৩. প্রয়োগ ও সমাজের উপর প্রভাব। এআই কে ঘিরে সামাজিক ও ব্যবহারিক আলোচনা। যেমন - স্বাস্থ্যসেবা, আর্থিক প্রতারণা সনাক্তকরণ, স্বায়ত্তশাসিত যানবাহন। নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা: ব্যাখ্যাযোগ্য, পক্ষপাত, নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে বিতর্ক। এছাড়াও রয়েছে-মানবকেন্দ্রিক এআই: মানব-রোবট মিথস্ক্রিয়া ও কম্পিউটেশনাল সোশ্যাল সায়েন্স, ইত্যাদি ।
এআই থেকে সর্বোচ্চ উপকার পেতে ব্যবহারকারীর অনুসরণীয় নিয়মাবলী
অনেকেই এআই ব্যবহার করেও পুরো সুবিধা পান না, কারণ সঠিক ‘প্রশ্ন’ বা ‘নির্দেশ’ কীভাবে দিতে হয়, তা জানেন না। নিচের পদ্ধতিগুলো মেনে চললে যে কেউ এআই থেকে সর্বোচ্চ সুবিধা লাভ করতে পারবেন বলে আশা করা যায়ঃ
১. নির্দিষ্ট ও পরিষ্কার প্রম্পট। প্রম্পট মানে হচ্ছে সঠিক, যথাযথ ও অর্থপূর্ণ শব্দ/শব্দগুচ্ছ ব্যবহার করে এআই কে প্রশ্ন জিজ্ঞাসা করা। প্রশ্ন দ্ব্যর্থবোধক কিংবা অস্পষ্ট হলে এআই যথাযথ উত্তর দিতে পারে না। এআই মন পড়তে পারে না। যত স্পষ্টভাবে তাকে প্রশ্ন করা হবে, উত্তর তত ভালো হবে। উদাহরণ: "আমার জন্যে একটা গল্প লেখো।" এটি একটি খারাপ ও অসম্পূর্ণ প্রশ্নের নমুনা। ভালো প্রশ্নের নমুনা: "আমার জন্যে ৫০০ শব্দের একটি ছোট গল্প লেখো, যার বিষয়: এক কৃষক আবহাওয়ার পূর্বাভাস পেতে এআই ব্যবহার করে। ভাষা হবে সরল ও শিক্ষণীয়। গল্পে একটি মজার ঘটনা থাকবে”।
২. বিস্তারিত বলা। প্রয়োজনে এআইকে ‘ভূমিকা’ বুঝিয়ে দিতে হবে। যদি বলা হয়, “একজন ইতিহাসের শিক্ষক হিসেবে বাংলার নবাবদের পতনের কারণ ব্যাখ্যা কর", তাহলে উত্তর আরও পেশাদার ও সাজানো আসবে। আপনি চাইলে বলতে পারেন—“আমি একজন দশম শ্রেণির ছাত্র, সহজভাবে বোঝাও।”
৩. ধাপে ধাপে প্রশ্ন করা। একসঙ্গে সব জিজ্ঞেস না করে এআইকে ‘চিন্তার ধারা’ বাতলে দিতে হবে। যেমন: প্রথম প্রশ্ন: “চাঁদে বাসযোগ্য উপনিবেশ গড়তে কী কী লাগে”? তার উত্তর পেয়ে দ্বিতীয় প্রশ্ন: “উপরের তালিকা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি প্রযুক্তি কোনটি? প্রতিটির পেছনে কারণ দেখাও”।
৪. ভুল ধরিয়ে দিয়ে এআই কে দিয়ে সংশোধন করিয়ে নেয়া। এআই ভুল করতে পারে। তখন বলতে হবে, “তোমার শেষ উত্তরে চতুর্থ বাক্যটি ভুল। আসলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস, তুমি লিখেছ ১৭ ডিসেম্বর। সংশোধন করে পুরো উত্তর আবার দাও”। তখন এআই সংশোধন করে শুদ্ধ উত্তর দেবে।
৫. ‘রোল প্লে’ বা ভূমিকা নির্ধারন করা। যে কোন বিজনেস আইডিয়া চাইলে বলতে হবে, "তুমি একজন সফল ব্যবসায়ী। তুমি ১ লক্ষ টাকা বিনিয়োগ করে কীভাবে একটি অনলাইন চায়ের দোকান চালু করবে, তার পাঁচটি কৌশল দেখাও”। আইনি পরামর্শের জন্য বলতে হবে—"তুমি একজন বাংলাদেশের সিভিল আইনজীবী।..."
৬. সংক্ষিপ্ত থেকে বিস্তারিত বিষয়ে যেতে হবে। প্রথমে ওভারভিউ নিতে হবে। তারপর যেকোনো একটি পয়েন্ট প্রসঙ্গে বলতে হবে । যেমন - “আগের তালিকার তৃতীয় পয়েন্টটি ২০০ শব্দে বিস্তারিত লেখো।” এতে সময় বাঁচে এবং নির্দিষ্ট তথ্য পাওয়া যায়।
৭. পুনরাবৃত্তি এড়িয়ে ভিন্ন আঙ্গিকে উত্তর চাইতে হবে। “আগের উত্তর থেকেই, কিন্তু এবার একজন সাংবাদিকের মতো করে লেখো”। অথবা “পাঁচটি বুলেট পয়েন্টে উত্তর দাও।”
৮. এআইকে যাচাই ও সম্পাদনার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে হবে। যে কোন লেখা এআই চেক করতে পারে। যেমন - “নিচের অনুচ্ছেদটির বানান ও ব্যাকরণ ঠিক করো, কিন্তু ভাষার ঢং বদলাবে না।” বিপরীত মতের জন্য বলুন: “একটি যুক্তির বিপক্ষে আরেকটি যুক্তি তৈরি করো। আমি বিতর্কের প্রস্তুতি নিচ্ছি।”
৯. যে সকল ক্ষেত্রে এআই ব্যবহার করা যাবে না সেগুলো হচ্ছে- পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর, ব্যক্তির অনুমতি ছাড়া ছবি, বা চিকিৎসা জরুরি অবস্থার সিদ্ধান্ত। উল্লেখ্য, এআই গোপনীয়তা নিশ্চিত করে না।
১০. নিজের সৃজনশীলতা ও আত্নসমালোচনার বিষয়ে সজাগ থাকা। মনে রাখা দরকার, এআই একজন দক্ষ সহকারী, কিন্তু উত্তরের চূড়ান্ত দায়িত্ব তার নয় বরং এআই ব্যবহারকারী ব্যক্তির। কোনো তথ্য গুরুত্বপূর্ণ মনে হলে এবং সে সম্পর্কে ষোল আনা নিশ্চিত হতে হলে এআই এর অতিরিক্ত অন্য উৎস থেকে তা যাচাই করে নিতে হবে। এআই বললেই যেন ‘ঠিক’ তা ভাবা আদৌ ঠিক হবে না।
১১। এআই কে লিখিত প্রম্পটের মত মৌখিক (ভয়েস) প্রম্পটও দেওয়া যায়। বর্তমানে প্রায় সব আধুনিক এআই অ্যাপ (ChatGPT, Gemini, Copilot, DeepSeek) ভয়েস ইনপুট সাপোর্ট করে। ব্যবহারকারী কথা বললেই এআই তা টেক্সটে কনভার্ট করে প্রসেস করে।
মৌখিক প্রম্পট দেওয়ার নিয়ম ও টিপস
মৌখিক প্রম্পট কার্যকরী করতে কিছু কৌশল আছে—শুধু “হ্যালো” না বলে পরিষ্কার ও নির্দিষ্ট করে বলা জরুরি।
১. স্পষ্ট ও ধীরে কথা বল উচিৎ। উচ্চারণ যেন পরিষ্কার ও শুদ্ধ হয়। স্বাভাবিকের চেয়ে একটু ধীরে কথা বলতে হবে। কারণ– এআই ভয়েস টু টেক্সট ইঞ্জিন ভুল বুঝতে পারে, বিশেষ করে পরিবেশগত আওয়াজ থাকলে।
২. সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট মৌখিক প্রম্পট তৈরি করে এআই কে দিতে হবে। যেমন - · “হুম… আসলে… আমার একটা কাজ ছিলো… একটা ইমেইল লিখতে হবে… ভালো কিছু… (খারাপ উদাহরণ)। অন্যদিকে, · “একটি পেশাদার ইমেইল লিখো, যেখানে আমি আমার বসকে আগামীকাল ছুটির জন্য অনুরোধ করছি। কারণ জ্বর হয়েছে।” (ভালো উদাহরণ) ।
৩. প্রয়োজনে বিরতি ও নির্দেশনা দিতে হবে। কারণ - মৌখিক প্রম্পটে পিরিয়ড বা কমা বোঝানো কঠিন। তাই বলতে হবে - · “নিচের প্যারাগ্রাফটি থ্রি বুলেট পয়েন্টে সাজাও।” · “প্রথমে একটা শিরোনাম দাও, তারপর দুটো লাইন ফাঁকা রেখে কন্টেন্ট শুরু করো।”, ইত্যাদি।
৪. সংশোধনের জন্য ভয়েস রিকগনিশন কম্যান্ড ব্যবহার করা যেতে পারে (যদি থাকে)
“ভুল হয়েছে, শেষ বাক্যটা ডিলিট করো”
“কমা দিয়ে আবার লিখো”
৫. উপযুক্ত পরিবেশ বজায় রাখতে হবে। যেমন – নিরিবিলি জায়গায় বসে কথা বলা উচিৎ। মাইকে যদি গোলমাল হয়, তাহলে এআই ভুল শব্দ শুনে ভুল উত্তর দিয়ে দিতে পারে।
সব প্ল্যাটফর্মে ভয়েস প্রম্পট সমান কাজ করে না। জটিল কোডিং বা ফরম্যাটিংয়ের জন্য লিখিত প্রম্পট এখনও বেশি নির্ভরযোগ্য।· কোনো কাজ যদি ধাপে ধাপে করতে বলেন (যেমন “প্রথমে তালিকা তৈরি করো, তারপর প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা দাও”)—সেক্ষেত্রে ধীরে ধীরে, আলাদা আলাদা বাক্যে বলা ভালো।
এআই ব্যবহারে সাবধানতা
এআই সঠিকভাবে ব্যবহার না করলে ব্যবহারকারী ক্ষতির মুখোমুখি হতে পারেন। তাই এআই ব্যবহারের সময় কিছু মৌলিক নিয়ম মেনে চলা জরুরী। এগুলো হচ্ছে -
উপাত্ত বা ডেটার নির্ভুলতা যাচাই করা। এআই যত ভালো তথ্য পাবে, তত ভালো ফল দেবে। ভুল তথ্য দিলে ভুল শিক্ষা দিবে। এআই ব্যবহারের সময় কম্পিউটার ব্যবহারের মতই মনে রাখতে হবে, ‘Garbage in, garbage out’। মানুষের তদারকি বাধ্যতামূলক: এআইকে পুরোপুরি ছেড়ে দেওয়া যাবে না, বিশেষ করে চিকিৎসা ও বিচার ব্যবস্থায়। সর্বক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোথায় এআই কাজ করছে, সেটা ব্যবহারকারীকে জানাতে হবে। যেমন—চ্যাটবটের সঙ্গে কথা বললে বুঝতে হবে এটি মেশিন।
এআই চাকরির সুযোগ বৃদ্ধি করবে নাকি সংকুচিত করবে
অনেকের ধারণা, এআই অনেকের চাকরি কেড়ে নেবে। পুনরাবৃত্তিমূলক কিছু কাজ (যেমন কল সেন্টারের সাধারণ প্রশ্নোত্তর, ডেটা এন্ট্রি) এআই দখল করবে। তবে নতুন চাকরি আসবে—এআই ট্রেনার, এথিক্স অফিসার, প্রম্পট ইঞ্জিনিয়ার, ইত্যাদি অনেক নূতন কর্মজীবির দরকার হবে এআই চালাতে। তাই চ্যালেঞ্জ হলো দ্রুত নিজেকে এআই এর সাথে খাপ খাইয়ে নেয়া।
নৈতিকতা ও আইন: যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, প্রভৃত দেশ এআই আইন তৈরি করেছে। ভারতে ও বাংলাদেশে এখনো পুরোপুরি আইন হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, এআই যেন স্বচ্ছ, ন্যায্য ও নবাধিকারসম্মত হয়। এআই দিয়ে ভুয়ো খবর বানানো, ইলেকশনে হেরফের করা—এসব নিয়ন্ত্রণে বিশ্বের সকল দেশে একযোগে অভিন্ন আইন দরকার।
পরিবেশগত প্রভাব: বড় এআই মডেল (যেমন চ্যাটজিপিটি) প্রশিক্ষণ দিতে বিদ্যুৎ খরচ হয় পুরো একটি শহরের সমান। কার্বন নিঃসরণ বেড়ে যায়। তাই সবুজ এআই অর্থাৎ কম শক্তিতে কাজ করে এমন মডেল তৈরি জরুরি।
ভবিষ্যৎ সম্ভাবনা: আগামী দশকে এআই সবার হাতের মুঠোয় চলে আসবে। স্কুলের বাচ্চা নিজের এআই টিউটর পাবে, চাষি মাঠ থেকে আবহাওয়া, মাটির স্বাস্থ্য বুঝতে পারবে, দরিদ্র রোগীরা ডাক্তারের বদলে এআই চ্যাটবটে প্রাথমিক পরামর্শ নেবে। আরও অনেকিছু সংঘটিত হবে এআই এর মাধ্যমে।
উপসংহার
কৃত্রিম বুদ্ধিমত্তা কোন জাদু নয়, এটি আধুনিক গণিত ও পরিশ্রমের ফসল। এটি যেমন ট্রেন, বিদ্যুৎ বা ইন্টারনেটের মতো বিপ্লব এনেছে, তেমনি অপব্যবহারের কারণে মারাত্নক ক্ষতি/দুর্ঘটনা ঘটাতে পারে। সেজন্যে দরকার এআই এর সচেতন ব্যবহার। আমরা যদি এআই-এর আউটপুট যাচাই করি, গোপনীয়তা রক্ষা করি, শিশুদের এআই শিক্ষায় উৎসাহিত করি আর কঠোর আইনের মাধ্যমে এর দুষ্ট ব্যবহার বন্ধ করি—তবে এই শক্তিশালী প্রযুক্তি বানাবে সবার জন্য সুন্দর ভবিষ্যৎ। নইলে আমরা নিজেরাই তইরি করবো এক অনিয়ন্ত্রিত ‘মেশিনের দানব’। কাজেই এআই-কে হাতের কাছে রাখতে হবে ঠিকই , কিন্তু এর নিয়ন্ত্রণ থাকবে মানুষের জ্ঞান, বুদ্ধি ও বিবেকের উপর।
প্রযুক্তি যত শক্তিশালী, ব্যবহারকর্তার দায়িত্ব তত বেশি। এআইকে প্রশ্ন করতে হবে, সাথে সাথে তাকে যাচাইও করতে হবে। আর ব্যবহার করতে হবে সীমার মধ্যে মনে রাখা দরকার, এআই একটি সর্বাধুনিক শক্তিশালী মার্সিডিস কিংবা বি এম ডাব্লিউ গাড়ি। তাতে লাভ কী? চালক যদি হয় অদক্ষ ও অপরিপক্ক? ব্যবহারকারী হিসেবে আপনি হলেন সেই গাড়ির চালক। আপনি যত দক্ষতার সাথে গাড়ি চালাতে পারবেন তত আরামের সাথে ঐ গাড়ি আপনাকে আপনার গন্তব্যে পৌছে দিতে সক্ষম হবে। অন্যথায় আপনি এত উন্নত গাড়িতে চড়েও গন্তব্যে পৌছাতে পারবেন কিনা – সন্দেহ আছে।
লেখক: উপদেষ্টা, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগ ও প্রক্টর, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং প্রাক্তন পরিচালক, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র
মেইল: amatin@aub.ac.bd