২৯ নভেম্বর ২০২৬, ১৪:১৭

জ্ঞান হারিয়ে পড়ে যান ওই শিক্ষার্থী, ৫-৬ মিনিটের মধ্যেই দেওয়া হয় সিপিআর

বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল  © সংগৃহীত

রাজধানীর উত্তরায় পরীক্ষা চলাকালে দ্বাদশ শ্রেণির এক নারী শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি)। বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মিডটার্ম পরীক্ষা চলাকালে জ্ঞান হারিয়ে পড়ে গেলে তাকে ৫-৬ মিনিটের মধ্যেই সিপিআর দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে বিআইটি কর্তৃপক্ষ।

বিবৃতিতে জানানো হয়, বুধবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী হঠাৎ অচেতন হয়ে পড়ে। এ সময় পরীক্ষার দায়িত্বে থাকা ইনভিজিলেটর তাৎক্ষণিকভাবে সাড়া দেন এবং স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে ৫ থেকে ৬ মিনিটের মধ্যে শিক্ষার্থীকে লিফট দিয়ে ভবনের নিচতলায় স্কুল ইনফার্মারিতে নেওয়া হয়। সেখানে স্কুলের পক্ষ থেকে জরুরি ব্যবস্থা নেওয়া হয়। এ সময় একজন প্রশিক্ষিত নারী স্পোর্টস শিক্ষক তাকে সিপিআর দেন। পাশাপাশি প্রতিষ্ঠানের অন্য সদস্যরা জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন।

প্রতিষ্ঠানটির নির্ধারিত হাসপাতাল পার্টনার ঢাকা স্পেশালাইজড হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করা হয়। দুপুর ১২টা ৫০ মিনিটে অ্যাম্বুলেন্সটি স্কুলে পৌঁছালে শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। তবে দুপুর ১টা ১ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেখানে আরও জানানো হয়, ঘটনার পর প্রতিষ্ঠানের একাডেমিক, প্রশাসনিক ও সহায়তাকারী দলের সদস্যরা চিকিৎসার ব্যবস্থা এবং শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগে সর্বাত্মক চেষ্টা করেন। স্কুলের একজন জ্যেষ্ঠ সদস্য পরিবারের বাসায় গিয়ে যোগাযোগ সহজ করা এবং শোকাহত মায়ের পাশে থেকে সহায়তা করেন।

এ ঘটনায় শোক প্রকাশ করে বিআইটি কর্তৃপক্ষ জানায়, শোকসন্তপ্ত পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। পরিবারের সম্মতিতে সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় উত্তরা সিনিয়র ক্যাম্পাসে শিক্ষার্থীর স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


শিক্ষার্থীর পরিচয় প্রকাশ নিয়ে তারা জানিয়েছে, পরিবারের ইচ্ছা ও গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে শিক্ষার্থীর পরিচয় প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। একই সঙ্গে অভিভাবক, শিক্ষার্থী ও বৃহত্তর কমিউনিটিকে পরিবারের গোপনীয়তা রক্ষা এবং ঘটনা নিয়ে যাচাইবিহীন তথ্য বা জল্পনা ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।