অধ্যক্ষের বদলির দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষের বদলির দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা অর্থ অধ্যক্ষ আত্মসাৎ করেছেন। এ ছাড়া রাসায়নিক সামগ্রী কেনার জন্য বরাদ্দ করা অর্থেরও যথাযথ হিসাব দিতে পারেননি তিনি। এসব অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের বদলির দাবিতে গত ১৮ দিন ধরে আন্দোলন করছেন তারা।
এ ব্যাপারে শিক্ষার্থী আপন মিয়া বলেন, আমরা দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষের বদলি চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে আজকের মতো কর্মসূচি থেকে সরে এসেছি। তবে আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরা অসহযোগ আন্দোলনে যাব।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আমিন উদ্দিন, তাওহিদুল হাসান তামিম, রেজাউল হক লিটন, তৌফিকুল নাসিম, হাফিসুর, শান্ত ও সাকিব খানসহ প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থীরাও অধ্যক্ষের বদলির দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রাখার কথা জানান।
এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা গণমাধ্যমে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে যাতে তাদের দাবি বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যে কাজ চলমান রয়েছে।